naihati incident
Bengal Liberty: মর্মান্তিক ঘটনা নৈহাটিতে! কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ প্রতিবেশি যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার নৈহাটির শিবদাসপুর থানার অন্তর্গত বোরা কালীতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর মিলেছে, তিন বারের রিহ্যাব ফেরত অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আহত কিশোরী দেবাংশের চিৎকার শুনতে পেয়ে ছুটে যান তাঁরা। দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কিশোরীর দেহ। তড়িঘড়ি নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই কিশোরী এখন আশঙ্কাজনক অবস্থায় আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কী কারণে ওই কিশোরীকে কোপালেন যুবক, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে খবর।
অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছে দেবাংশের পরিবার। সন্তানকে সংকটজনক অবস্থায় দেখে মা’সহ পুরো পরিবার কান্নায় ভেঙে পড়েছে। যুবকের কঠোর শাস্তির দাবি করেছেন তাঁরা। জখম কিশোরীর মা বুল্টি অভিযুক্ত-এর ফাঁসি চেয়েছেন।
অভিযুক্ত যুবকের পরিবারের কথায়, তাঁদের ছেলে শুভকে তিন বার রিহ্যাবে ভর্তি করা হয়েছিল। তাঁরা আরও জানান, সাত বছর আগে কাজের সূত্রে মুম্বাইয়ে গিয়েছিলেন শুভ। সেখানে গিয়ে হিরোইনের নেশা করা শুরু করেন যুবক। বাড়ি ফিরে আসার পর ঠিকই ছিলেন। তবে মাঝে মধ্যে গাঁজার নেশা করতেন। ক্রমশ মানসিক অবস্থার অবনতি দেখে রিহ্যাবে পাঠানো হয় তাঁকে। তাতে বেশ সুস্থ হয়ে উঠেছিলেন শুভ। তারপরেও কেন এই কাণ্ড ঘটালেন যুবক, বুঝতে পারছে না পরিবার।
