Bengal Liberty:
যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে বিতর্ক যেন থামছেই না। ফের ক্যাম্পাসের দেওয়ালে নতুন করে শুরু হল স্লোগান লেখার পালা। মার্ক্সবাদী স্লোগান মুছে সেই দেওয়ালেই লেখা হল ‘ফ্রি পিওকে’। শুধু তাই নয়, ‘নিপাত যাক লেনিনবাদ’-সহ একাধিক স্লোগানও দেখা গেল। আর তাৎপর্যপূর্ণভাবে, ওই স্লোগানগুলির নিচেই এবিভিপির নাম লেখা রয়েছে। অর্থাৎ, দেওয়াল লিখনের দায়িত্ব নিজেদের বলেই কার্যত স্বীকার করে নিয়েছে আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি (Jadavpur University)।

যাদবপুরে দেওয়াল লিখন বিতর্ক (Jadavpur University)
এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে বিভিন্ন জায়গায়, বিশেষ করে বয়েজ হস্টেল, কলা বিভাগ-সহ একাধিক দেওয়ালে নানা ধরনের রাজনৈতিক স্লোগান দেখা গিয়েছিল। সেই দেওয়াল লিখন ঘিরেই আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কেন ক্যাম্পাসে ‘কিষেণজি জিন্দাবাদ’ বা ‘ফ্রি প্যালেস্টাইন’-এর মতো স্লোগান লেখা থাকবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য ছিল, শিক্ষাঙ্গনে এই ধরনের দেশবিরোধী স্লোগান কাম্য নয়। লিখতেই হলে ‘ফ্রি পিওকে’ লেখা হোক।
আরও খবর
মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিক দেওয়ালের লেখা মুছে সাদা করে দেয়। কিন্তু তার পরও ফের দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা তৈরি হয়। শনিবার সন্ধ্যায় দেখা গেল, সেই সাদা দেওয়ালেই ‘ফ্রি পিওকে’, ‘ফ্রি আকসাই চিন’, ‘নিপাত যাক লেনিনবাদ’, ‘অখণ্ড ভারত’-সহ একাধিক স্লোগান লিখেছে এবিভিপি।

এবিভিপ বিজেপি সম্পর্ক (Jadavpur University)
এবিভিপির এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলেও নতুন করে চর্চা শুরু হয়েছে। কারণ, রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য প্রকাশ্যে দাবি করেছিলেন, এবিভিপি দল পরিচালিত কোনও ছাত্র সংগঠন নয়। অথচ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর দেওয়াল লিখন এবং সেই লেখার নিচে সংগঠনের নাম উল্লেখ—এই ঘটনায় ফের সেই সম্পর্ক নিয়েই প্রশ্ন উঠছে। ফলে যাদবপুরের দেওয়াল-বিতর্ক আরও জটিল আকার নিল।



