Durga Puja
Durga Puja

আজ শ্রীভূমির পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী নজরে বড় চমক

Bengal Liberty : দেবীপক্ষের সূচনার সঙ্গে সঙ্গেই রাজ্যজুড়ে শুরু হয়েছে দুর্গাপুজোর আবহ। রবিবার বিকেলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার অন্যতম জনপ্রিয় এই পুজোকে ঘিরে প্রতি বছরই দর্শনার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা যায়। থিমের অভিনবত্ব থেকে প্রতিমার বিশেষ সাজ—সব ক্ষেত্রেই নজর কাড়ে শ্রীভূমি। এ বারও পুজোর উদ্বোধন ঘিরে রয়েছে বিশেষ আকর্ষণ।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর দায়িত্বেও এসেছে পরিবর্তন। আগে এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। বর্তমানে পুজোর দায়িত্ব সামলাচ্ছেন নতুন উদ্যোক্তারা। পুজো কমিটির সভাপতি কনক দেবনাথ আগেই জানিয়েছেন, দেবীপক্ষেই প্রতিমা উদ্বোধন করতে চান তাঁরা। পাশাপাশি, উদ্বোধনের দিন বড় মাপের কোনও অতিথির উপস্থিতি ঘিরেও জল্পনা তৈরি হয়েছে। এ বছর মণ্ডপ তৈরি হয়েছে রাজস্থানের হাওয়ামহলের আদলে। সাবেকি সাজে সজ্জিত মা দুর্গার প্রতিমাও এ বারের পুজোর অন্যতম আকর্ষণ।

প্রতি বছর শ্রীভূমির পুজো দেখতে দ্বিতীয়া-তৃতীয়া থেকেই ভিড় জমাতে শুরু করেন দর্শনার্থীরা। মণ্ডপের জনপ্রিয়তার জেরে ভিআইপি রোডে ব্যাপক যানজটের অভিযোগও ওঠে। এর ফলে সাধারণ যাত্রীদের যাতায়াতে সমস্যার সৃষ্টি হয়। অতীতের সেই অভিজ্ঞতা থেকে এ বার যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছেন পুজো উদ্যোক্তারা।

Durga Puja
Durga Puja

পুজো কমিটির তরফে জানানো হয়েছে, পুলিশের সঙ্গে একাধিক বৈঠক এবং এলাকা পরিদর্শনের মাধ্যমে নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হয়েছে। বাঙুর, শ্রীভূমি, লেকটাউন, দমদম পার্ক ও দক্ষিণদাঁড়ি এলাকার জন্য বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। নজরদারির জন্য থাকবে ড্রোন ও নিয়ন্ত্রণকক্ষ। পাশাপাশি, মোতায়েন করা হবে পর্যাপ্ত পুলিশ ও ট্রাফিক পুলিশ। দর্শনার্থীদের নিরাপত্তা এবং জরুরি চিকিৎসার ব্যবস্থার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সব মিলিয়ে, আজ শ্রীভূমির পুজোর উদ্বোধন ঘিরে যেমন বাড়তি আগ্রহ রয়েছে, তেমনই উদ্যোক্তাদের কাছে বড় চ্যালেঞ্জ হল ভিড় সামলে যান চলাচল স্বাভাবিক রাখা।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।