Bengal Liberty : সারা বছর বিশেষ করে দুর্গাপুজোর আগে কলকাতা সহ রাজ্যে বড় বড় হোডিং দেখা যায়। সেখানে অনেক বিজ্ঞাপনই নজর কাড়ে। এবারও নজর কেড়েছে যে কলকাতা পুরসভার একটি বিজ্ঞাপন। তবে সেটি গুরুচন্ডালী দোষের জন্য। বাংলা-হিন্দি মেশানো বাক্যে সেই বিজ্ঞাপনে লেখা – ‘মায়ের করব স্বচ্ছতা সে স্বাগত’। দুর্গাপুজোর প্রস্তুতি বৈঠকের বিজ্ঞাপনে দশভুজার বদলে এগোরা হাতের দুর্গার ছবি ঘিরে বিতর্কের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকার। সেই ভুল অবশ্য দ্রুত সংশোধন করে নেওয়া হয়েছিল। ক্ষমাও চেয়ে নিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফের সেই পুজোর বিজ্ঞাপনেই নয়া বিভ্রাট!
পুজোর সময়ও শহর যাতে পরিচ্ছন্ন থাকে, সেই সতর্কতা বজায় রাখতেই এই বিজ্ঞাপন। কিন্তু তাতেই দেখা গেল এমন গুরুচণ্ডালি দোষ! বাংলা ও হিন্দি ভাষা এমন অদ্ভুত ভঙ্গিতে মিশিয়ে তৈরি এই বাক্যের গঠন নিয়েই মূলত প্রশ্ন উঠেছে। এদিকে, পুরসভার এই বিজ্ঞাপন দেখে রীতিমতো গর্জে উঠেছেন মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তীব্র নিন্দা করেছেন তিনি।
গুরুচন্ডালী দোষে ফের বিতর্কে কলকাতা পুরসভা
পুরমন্ত্রী হওয়ার পর নতুন করে শহরের পরিচ্ছন্নতায় জোর দিয়েছেন অগ্নিমিত্রা পাল। শুধু কলকাতা নয়, রাজ্যের সমস্ত বড় শহরগুলিতেই এই কর্মসূচি চলছে। কোথাও কোথাও মন্ত্রী নিজেই পথে নেমে পরিষ্কার করছেন শহর। এই বার্তা দিয়ে কলকাতা পুরসভার তরফে দুর্গাপূজোর আগে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ১০ থেকে ২১ অক্টোবর অর্থাৎ মহালয়া থেকে দশম পর্যন্ত শহরকে পরিষ্কার রাখতে হবে, তা লেখা রয়েছে বিজ্ঞাপনটিতে। আর এখানেই গোলমাল। ‘মায়ের করব স্বচ্ছতা সে স্বাগত’ লেখা সেই বিজ্ঞাপনে বাংলা-হিন্দি মিশ্রিত শব্দ রয়েছে! এনিয়ে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে কটাক্ষ করেছেন, ‘এটা কী? এটা কি বাংলা? আপনারা মজা করছেন??? এই মুহূর্তে কলকাতা পুরসভার এত খারাপ অবস্থা যে বাংলাটাও ঠিকমতো লিখতে পারছে না।’বিজেপি বাংলায় এই অ-সংস্কৃতি চাপানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তিনি।
যদিও বিতর্কের মুখে পড়ে পোস্টটি নিজেদের সোশাল মিডিয়া থেকে মুছে ফেলেছে পুরসভা কর্তৃপক্ষ।


