CJP Protest
CJP Protest

যন্তর মন্তর অভিযান মামলা: পিছোল শুনানি, বৃহস্পতিবার ফের শুনবে সুপ্রিম কোর্ট

Bengal Liberty : দিল্লির বিক্ষোভ এবং যন্তর মন্তর অভিযান ঘিরে গণপরিবহণ সংক্রান্ত মামলাগুলির শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে মামলাগুলির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বেঞ্চের এক বিচারপতি অসুস্থ থাকায় শুনানি পিছিয়ে যায়। আগামী বৃহস্পতিবার মামলাগুলির শুনানি হবে শীর্ষ আদালতে। অন্যদিকে, মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের আইনি রক্ষাকবচ নিয়েও গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে আদালত। এই সংক্রান্ত পৃথক একটি মামলায় মঙ্গলবার কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

পিছোল যন্তর মন্তর অভিযান সংক্রান্ত মামলার শুনানি

মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে দিল্লির বিক্ষোভ সংক্রান্ত মামলাগুলির শুনানি হওয়ার কথা ছিল। অসুস্থ থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ মামলাগুলির শুনানির জন্য এজলাসে এসেছিলেন বিচারপতি মোহনা। বেঞ্চ বসার পর প্রধান বিচারপতি তাঁর অসুস্থতার কথা আইনজীবীদের জানান। এরপর সলিসিটর জেনারেল তুষার মেহতা শুনানি স্থগিত রাখার আবেদন করেন। গোপাল শঙ্করনারায়ণ-সহ অন্যান্য আইনজীবীরাও তাতে সম্মতি জানান। শেষ পর্যন্ত আগামী বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে আদালত।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর যন্তর মন্তর অভিযান কর্মসূচির ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সেই কর্মসূচির আগে মেট্রো ও ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ না করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নির্দেশ অমান্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই অভিযোগে শীর্ষ আদালতে মামলা দায়ের হয়। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে জবাব দেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছিল আদালত।

সলিসিটর জেনারেল জানান, কেন্দ্রের হলফনামা তৈরি রয়েছে। তবে সেটি আরও গুছিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন। তাঁর আবেদনে সাড়া দিয়ে আদালত অতিরিক্ত সময় মঞ্জুর করে। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হবে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।