Rahul Gandhi
Rahul Gandhi

‘জ্ঞানেশ কুমারকে ঘিরে জাল গুটিয়ে আসছে’, আগামী দিনে চাপ আরও বাড়বে, দাবি রাহুল গান্ধীর

Bengal Liberty : “জ্ঞানেশ কুমারকে ঘিরে জাল গুটিয়ে আসছে। আগামী দিনে চাপ আরও বাড়ানো হবে।” মঙ্গলবার বিরোধী দলগুলির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তবে আগামী দিনে কী কৌশলে আন্দোলন ও বিক্ষোভ চালাবে ইন্ডি জোট, তা এখনই প্রকাশ্যে আনতে চাইলেন না তিনি।

মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে চা-চক্রের আয়োজন করে কংগ্রেস। সেখানে কংগ্রেস-সহ লোকসভার একাধিক বিরোধী দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পরবর্তী আন্দোলনের রূপরেখা, বিক্ষোভের কর্মসূচি এবং বিরোধীদের পরবর্তী রণকৌশল নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর।

তবে বৈঠকে ঠিক কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে মুখ খোলেননি রাহুল গান্ধী। তাঁর বক্তব্য, আন্দোলনের পরবর্তী রূপরেখা এখনই প্রকাশ্যে আনতে চান না তিনি। আগামী দিনে বিক্ষোভের ঝাঁজ আরও বাড়বে বলেই ইঙ্গিত দিয়েছেন বিরোধী দলনেতা।

এই বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, কে সি বেণুগোপাল এবং জয়রাম রমেশ। এ ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএমের এম এ বেবি, সিপিআইয়ের ডি রাজা, সিপিআই (এমএল)-এর দীপঙ্কর ভট্টাচার্য, আরজেডির তেজস্বী যাদব ও মনোজ ঝা, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মহুয়া মাজি এবং সমাজবাদী পার্টির হরেন্দ্র মালিক-সহ একাধিক বিরোধী নেতা। বৈঠকে উপস্থিত ছিলেন আইসা নেত্রী নেহা বোরা-ও।

বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “এই প্রথম দিল্লিতে এতগুলি বিরোধী দল একত্রিত হয়েছে। বিরোধী দলগুলির মধ্যে ঐক্য আরও জোরদার হয়েছে।” মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে সামনে রেখেই বিরোধীরা একজোট হয়েছেন বলে জানান তিনি। তাঁর বক্তব্য, এই ইস্যুতে বিরোধী দলগুলির একসঙ্গে আন্দোলনে নামা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এ দিনের বৈঠকে আইসা সভাপতি নেহা বোরা বলেন, “শত্রু একটাই, বিজেপি। সংবিধান তৈরিতে ওদের কোনও ভূমিকা নেই। সব বিরোধী দল একজোট হয়েছে, এটা খুব ভাল বিষয়। আমাদের লড়াই শুধুই বিজেপির বিরুদ্ধে। ওরা বিশ্বাসঘাতকতা করেছে।”

অন্যদিকে, তাৎপর্যপূর্ণ ভাবে এ দিন সুপ্রিম কোর্টের উপর আস্থা প্রকাশ করেছেন রাহুল গান্ধী। বিরোধী দলনেতা বলেন, “এই লড়াইয়ে সুপ্রিম কোর্টেরও ভূমিকা রয়েছে। আমরা শীর্ষ আদালতকে সম্মান করি।” পরবর্তী রণকৌশল স্পষ্ট না হলেও, বিরোধী দলগুলির ঐক্যবদ্ধ আন্দোলন কেন্দ্রকে আরও চাপে ফেলবে বলেই মনে করছে ইন্ডি জোট।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।