Bengal Liberty: ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ফর্ম ৬-এর আবেদন বাতিলের আগে অতিরিক্ত নথি জমা দেওয়ার জন্য ন্যূনতম ১৪ দিন সময় দেওয়ার দাবি জানাল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। এই মর্মে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে এই চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে কংগ্রেসের বক্তব্য, সরেজমিনে যাচাইয়ের সময় বহু ক্ষেত্রে আবেদনকারীর কাছে জন্ম শংসাপত্র, বসবাসের শংসাপত্র বা অন্যান্য প্রয়োজনীয় নথি না থাকায় ফর্ম ৬-এর আবেদন বাতিল করা হচ্ছে। অথচ যুক্তিসঙ্গত সময় পেলে আবেদনকারীরা সেই নথি সংগ্রহ করে জমা দিতে পারেন। তাই নথি-সংক্রান্ত সমস্যা থাকলে আবেদন বাতিলের আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে উপযুক্ত সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস।
কমিশনের কাছে দলের অনুরোধ, অতিরিক্ত নথি চাওয়া হলে লিখিত বিজ্ঞপ্তি দিয়ে আবেদনকারীকে তার কারণ জানাতে হবে। সেই বিজ্ঞপ্তি সরাসরি ও অনলাইন পোর্টালে উপলব্ধ করার পাশাপাশি প্রয়োজনীয় নথি আপলোডের ব্যবস্থাও রাখতে হবে। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে, কিংবা জমা দেওয়া নথি বিবেচনা না করে, কোনও আবেদন বাতিল করা যাবে না বলেও দাবি জানানো হয়েছে।
আরও খবর
এ ছাড়া কংগ্রেসের আর্জি, দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে অভিন্ন পদ্ধতি চালু করা হোক। পাশাপাশি অনলাইনে আবেদনের বর্তমান অবস্থা, নথির ঘাটতি, জমা দেওয়ার শেষ তারিখ ও চূড়ান্ত সিদ্ধান্ত জানার ব্যবস্থাও করা হোক।
চিঠিতে আশুতোষ চট্টোপাধ্যায় উল্লেখ করেছেন, যোগ্য নাগরিকদের ভোটার তালিকায় নাম তোলার সুযোগ নিশ্চিত করতে প্রক্রিয়াটি স্বচ্ছ হওয়া প্রয়োজন। সংশোধনযোগ্য নথিগত ত্রুটির কারণে যাতে কোনও যোগ্য নাগরিক ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি।


