Bengal Liberty : ককরোচ জনতা পার্টির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেফতারির প্রতিবাদে ফের পথে নামছে দল। আগামী শুক্রবার, ১৬ অক্টোবর দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা ‘তেরঙা ওড়াও’ অভিযানের ডাক দিয়েছেন দলের আহ্বায়ক অভিজীত দিপকে। বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা হাতে জমায়েতের আহ্বান জানিয়েছেন তিনি। তরুণ প্রজন্মের পাশাপাশি সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলগুলির কর্মী-সমর্থকদেরও এই কর্মসূচিতে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন সিজেপি প্রতিষ্ঠাতা। তাঁর দাবি, জাতীয় পতাকা ওড়ানো কোনও অপরাধ নয়। তাই পতাকা ওড়ানোর জন্য দলের দুই নেতাকে গ্রেফতারের প্রতিবাদেই এই কর্মসূচি।

জাতীয় পতাকা হাতে কনট প্লেসে জমায়েতের ডাক
একটি ভিডিয়োবার্তায় অভিজিৎ দিপকে দেশবাসীর উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন। তাঁর বক্তব্য, দেশের জাতীয় পতাকা ওড়ানোর জন্যই সৌরভ ও আশুতোষকে জেলে পাঠানো হয়েছে। এর প্রতিবাদে সমস্ত দেশপ্রেমী মানুষকে শুক্রবার বিকেল ৫টায় দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দিপকের কথায়, জাতীয় পতাকা দেশের গর্ব। সেই পতাকা ওড়ানো কোনও অপরাধ হতে পারে না। তাই তেরঙা হাতে নিয়ে প্রতিবাদে শামিল হওয়ার বার্তা দিয়েছেন তিনি। শুধু দিল্লি নয়, যাঁরা কনট প্লেসে পৌঁছতে পারবেন না, তাঁদেরও নিজ নিজ শহরে সন্ধ্যায় ‘তেরঙা অভিযান’ করার আবেদন জানিয়েছেন সিজেপি নেতা।
দিপকের দাবি, জাতীয় পতাকার প্রতি ভালোবাসা প্রকাশ করার অধিকার প্রত্যেক দেশবাসীর রয়েছে। সেই অধিকার প্রয়োগের জন্য কাউকে জেলে পাঠানো যায় না। তিনি আরও জানিয়েছেন, এই কর্মসূচির জেরে তাঁকেও গ্রেফতার করা হতে পারে। তবে তাতে তিনি ভয় পাচ্ছেন না। জাতীয় পতাকা তাঁর গর্ব এবং তিনি পতাকা ওড়াবেনই বলে স্পষ্ট জানিয়েছেন।
আরও খবর
তিহাড়ে সৌরভ-আশুতোষ
সম্প্রতি দিল্লির যন্তর মন্তরকে অনুমোদিত প্রতিবাদস্থলের তালিকা থেকে সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ওই নির্দেশের পর সেখানে জমায়েত ও বিক্ষোভ কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এর মধ্যেই মঙ্গলবার সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার নেতৃত্বে সিজেপির কয়েক জন কর্মী লোহার দরজা টপকে যন্তর মন্তরে প্রবেশ করেন। সেখানে জাতীয় পতাকা ওড়ানোর পাশাপাশি ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেন তাঁরা। পুলিশ প্রথমে তাঁদের আটক করে। পরে সৌরভ ও আশুতোষকে গ্রেফতার করা হয়। আদালত তাঁদের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আপাতত দু’জনেই তিহাড় জেলে রয়েছেন।দলের দুই নেতার গ্রেফতারিকে কেন্দ্র করেই নতুন করে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন দিপকে।


