কলকাতা হাই কোর্ট
Kolkata High Court

আদালতের নির্দেশে কাটল ইভিএম-জট! এখন অপেক্ষা শুধু পুরভোটের দিন ঘোষণার

আসন্ন পুর নির্বাচন পরিচালনার জন্য পর্যাপ্ত ইভিএম না থাকায় সমস্যার কথা জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য ছিল, ইভিএম প্রস্তুতকারী সংস্থাগুলি চাহিদা অনুযায়ী পর্যাপ্ত মেশিন সরবরাহ করতে পারছে না। নতুন ইভিএম সংগ্রহ করতে প্রায় ১২ মাস সময় লাগতে পারে। ফলে নির্ধারিত সময়ে নির্বাচন করানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

আদালতে কমিশন জানিয়েছিল, আগের একাধিক নির্বাচনে ব্যবহৃত ইভিএম এখনও সংরক্ষিত রয়েছে। সেই মেশিনগুলির তথ্য মুছে ফেলে পুনরায় ব্যবহারের উপযোগী করা গেলে ইভিএমের অপ্রতুলতার সমস্যা অনেকটাই মেটানো সম্ভব।

বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, নভেম্বর-ডিসেম্বর মাসে পুর নির্বাচন করাতে তারা প্রস্তুত। এরপরই সংরক্ষিত ইভিএমের তথ্য মুছে ফেলার নির্দেশ দেয় আদালত। তবে কলকাতা পুরসভার তিনটি ওয়ার্ড এবং কাঁথি পুরসভার জন্য সংরক্ষিত ইভিএমগুলিকে এই নির্দেশের বাইরে রাখা হয়েছে।

আদালতের এই নির্দেশে পুর নির্বাচনের প্রস্তুতির ক্ষেত্রে ইভিএমের অপ্রতুলতা নিয়ে তৈরি হওয়া জটিলতা অনেকটাই কাটল বলে মনে করা হচ্ছে। এখন নজর নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ এবং পুরভোটের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার দিকে।

Bengal Liberty