Bengal Liberty: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের নিরাপত্তা সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, বৃহস্পতিবারের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রককে এই মামলায় যুক্ত করতে হবে। আগামী ২ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।
নিজের উপর একাধিকবার হামলার অভিযোগ তুলে নিরাপত্তার দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া মৈত্র। তাঁর আবেদন, সর্বক্ষণের জন্য নিরাপত্তাকর্মী মোতায়েন করা হোক। এর আগে তাঁর সাংসদ এলাকার জন্য দু’জন নিরাপত্তারক্ষী মোতায়েনের নির্দেশ দিয়েছিল আদালত। তবে, বর্তমান মামলায় গত ৭ অক্টোবর রাজ্যের বক্তব্য জানতে চেয়েছিল হাই কোর্ট। একজন সাংসদের নিরাপত্তার ক্ষেত্রে কী নিয়ম অনুসরণ করা হয়, তা রাজ্যকে জানাতে বলা হয়েছিল।
বুধবার আদালতে রাজ্যের তরফে রিপোর্ট জমা দেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার। তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং সাংসদদের নিরাপত্তা সংক্রান্ত ‘ইয়েলো বুক’-এর নির্দেশিকা মেনেই নিরাপত্তা পাচ্ছেন মহুয়া মৈত্র। তাঁকে ‘এক্স’ (X) ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে বলেও আদালতে জানান তিনি।
আরও খবর
অন্যদিকে, মহুয়ার আইনজীবী অর্ক নাগ আদালতে সওয়াল করেন, তাঁর মক্কেলের নিরাপত্তায় একজন পিএসও (ব্যক্তিগত নিরাপত্তারক্ষী) থাকলেও তিনি সব সময় মহুয়ার সঙ্গে থাকেন না। একাধিক হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে দাবি করেন তিনি। এ ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পদক্ষেপ করতে পারে। তাই তাদের মামলায় যুক্ত করার আবেদন জানান মহুয়ার আইনজীবী।
সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি নির্দেশ দিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে এই মামলায় যুক্ত করতে হবে। এখন নজর আগামী ২ ডিসেম্বরের শুনানির দিকে।


