Bengal liberty : বিহারের রাজনীতি বিজেপির মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর কাছে চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়েছে প্রশান্ত কিশোর ও তাঁর দল জন সুরজ পার্টি। খাতায় কলমে প্রশান্ত কিশোরের এই দলটির কাছে একটি আসন থাকলেও বিহারের মুখ্যমন্ত্রীর কাছে এটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সামনেই বিহারে বিধান পরিষদের নির্বাচন। সেখানে পি কে এর চ্যালেঞ্জ সামলে এনডিএ শিবির কী ফল করে এখন সেটাই দেখার।
আগামী ২৩ অক্টোবর বিহারে বিধান পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিধানসভার এই উচ্চ কক্ষে আটটি আসনে ভোট হওয়ার কথা রয়েছে। সেখানে নিজের দলের প্রার্থীকে সমর্থন করতে নারাজ জেডিইউ বিধায়ক অনন্ত সিং। তাঁকে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সতর্ক করলেও তিনি শুনতে নারাজ। জেডিইউয়ের সেই বিধায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি প্রশান্ত কিশোরের দলের প্রার্থী অনুজ কুমার সিংকে সমর্থন করবেন। নিজের দলের প্রার্থী নীরজ কুমারকে সমর্থন করবেন না। আসলে নীরজের সঙ্গে অনন্ত কুমারের ব্যক্তিগত শত্রুতা রয়েছে। আর সেই শত্রুতাকেই পি কে সুকৌশলে কাজে লাগিয়েছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই পরিস্থিতিতে এনডিএ এর আরেক জোট শরিক উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোকমোর্চার মধ্যেও বিদ্রোহ দানা বেঁধেছে। ওই দলের তিন জন বিধায়ক সরন আসন থেকে নির্দল প্রার্থীকে সমর্থন করার কথা জানিয়ে দিয়েছেন। জোট শরিক দলের এই অসন্তোষ চিন্তায় রাখছে সম্রাট চৌধুরীকে।


