Bengal Liberty : দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে শুক্রবার ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছেন সিজেপি প্রধান অভিজিৎ দিপকে। বিকেল ৫টায় এই কর্মসূচি শুরু হওয়ার কথা। তার আগেই নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে খবর, কর্মসূচি ঘিরে রাজধানীতে মোট ৩২ হাজার পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হচ্ছে। অন্যদিকে, কর্মসূচির দিন অর্থাৎ ১৬ অক্টোবর এবং পরের দিন ১৭ অক্টোবর সেন্ট্রাল পার্ক বন্ধ রাখার কথা জানিয়েছে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল। কর্মসূচির অনুমতি না দেওয়ার পাশাপাশি কনট প্লেস ও সংলগ্ন এলাকায় জমায়েতের উপরেও বিধিনিষেধ জারি করেছে পুলিশ। অপরদিকে কর্মসূচির আগেই তাঁকে আটক করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দিপকে।
কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে কনট প্লেস
শুক্রবার বিকেলে সিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে কনট প্লেস ও সংলগ্ন এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে খবর, কর্মসূচির আগে ওই এলাকায় অতিরিক্ত ৬ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে। তাঁদের সঙ্গে থাকবে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশবাহিনী। সব মিলিয়ে রাজধানীতে ৩২ হাজার পুলিশ ও আধাসেনা মোতায়েন থাকার কথা।দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির জন্য অনুমতি দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে বলেও সতর্ক করেছে পুলিশ। কনট প্লেস-সহ দিল্লির বিভিন্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। এই ধারার অধীনে জমায়েতের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সর্বোচ্চ ১১ জনকে নিয়ে মিছিল করার অনুমতি দেওয়া হবে। বিধিনিষেধ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। এদিকে, শুক্রবার ও শনিবার সেন্ট্রাল পার্ক বন্ধ রাখার কথা জানিয়েছে এনডিএমসি।

আটক হওয়ার আশঙ্কা দিপকের
কর্মসূচির আগে নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সিজেপি প্রধান অভিজিৎ দিপকে। তাঁর দাবি, নম্বর প্লেটহীন গাড়ি তাঁকে অনুসরণ করছে। পাশাপাশি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি-র আধিকারিকেরা তাঁর বাড়ির উপর নজরদারি চালাচ্ছেন বলেও অভিযোগ করেছেন তিনি। এই কর্মসূচিতে সাধারণ মানুষকেও যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আরও খবর
শুক্রবার বিকেল ৫টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই দিপকেকে আটক করা হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। একদিকে সিজেপির কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান, অন্যদিকে পুলিশের কড়া নিরাপত্তা ও জমায়েতের উপর বিধিনিষেধ-সব মিলিয়ে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচিকে ঘিরে দিল্লিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।


