Bengal Liberty : পুজোয় তারস্বরে মাইক বাজানোর অভিযোগ। শব্দবিধি মেনে চলার নির্দেশ দিয়ে বরানগরের নেতাজি কলোনি লো ল্যান্ড সর্বজনীন দুর্গোৎসব কমিটিকে চিঠি দিল পুলিশ। শনিবার বরানগর থানার ইন্সপেক্টর-ইন-চার্জের তরফে এই নোটিস জারি করা হয়েছে। কমিটির সঙ্গে যুক্ত বরানগর পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা দিলীপ নারায়ণ বসুকে উদ্দেশ্য করে চিঠিটি দেওয়া হয়েছে।
পুলিশের চিঠিতে উল্লেখ করা হয়েছে, নেতাজি কলোনি লো ল্যান্ড এলাকায় প্রচুর সংখ্যক মাইক লাগানো হয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে মাইক বাজানোয় সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে বলে অভিযোগ জমা পড়েছে। বিশেষ করে, এলাকার প্রবীণ নাগরিক এবং অসুস্থ ব্যক্তিরা সমস্যায় পড়ছেন বলে জানানো হয়েছে।
এই পরিস্থিতিতে শব্দবিধি মেনে মাইক বাজানোর নির্দেশ দিয়েছে পুলিশ। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, মানুষের বিশ্রামের সময়ে গান বা মাইক বাজিয়ে তাঁদের যেন অসুবিধায় ফেলা না হয়। পাশাপাশি, শব্দের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
আরও খবর
এ ছাড়াও, জরুরি ঘোষণা ছাড়া রাত ১০টার পর মাইক ব্যবহার করা যাবে না বলে পুলিশের নোটিসে জানানো হয়েছে। পুজোর আনন্দের আবহে শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই নোটিসের প্রতিলিপি পাঠানো হয়েছে দুর্গোৎসব কমিটির সম্পাদক দীপাঞ্জন ভট্টাচার্য এবং সভাপতি ত্রিপ্তি রায় চৌধুরীকেও। পুলিশের এই নির্দেশের পর পুজো কমিটি কী পদক্ষেপ করে, এখন সেটাই দেখার।


