Chor Bagan Stampede
Chor Bagan Stampede

চোরবাগান কাণ্ডে মমতার শোক! নিরাপত্তা নিয়ে রাজ্যকে প্রশ্ন অভিষেকের, শোক রাজ্যপালের

Bengal Liberty : চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্টের মতো ঘটনায় শোকপ্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই ঘটনায় শোকজ্ঞাপন করলেন মমতা তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে শোকপ্রকাশের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারের দায়িত্বের প্রশ্ন তুলে ধরেছেন অভিষেক। পুজো দেখতে বেরিয়ে কেন সাধারণ মানুষকে নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকতে হবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি। এমন ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল আর এন রবি শোকপ্রকাশ করেছেন ।

শনিবার চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে প্রবল ভিড়ের মধ্যে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। হাসপাতাল সূত্রে খবর, ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত হন। তাঁদের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় দুর্ঘটনার কারণ ও ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুজো উদ্যোক্তাদের ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

ঘটনার পর এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন।” আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি তাঁদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন। এই কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার শক্তি ও সাহস দেওয়ার জন্য মা দুর্গার কাছে প্রার্থনাও করেছেন তিনি।

অন্যদিকে, ফেসবুকে শোকপ্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, পুজোর আনন্দে সামিল হতে বেরিয়ে সাধারণ মানুষকে কেন নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকতে হবে? জমিদারদের নিরাপত্তায় পুলিশ মোতায়েনের পাশাপাশি বাংলার সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করাও রাজ্য সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন তিনি।

অভিষেক আরও স্পষ্ট করেছেন, মানুষের জীবনের চেয়ে বড় কোনও অগ্রাধিকার হতে পারে না। এই ঘটনার যথাযথ তদন্ত এবং জবাবদিহি নিশ্চিত করার দাবিও তুলেছেন তিনি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি তাঁদের পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

রাজ্যপাল বলেছেন, “কলকাতার একটি দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় বহু মূল্যবান প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। এই শোকের মুহূর্তে মৃতদের পরিবার-পরিজনদের প্রতি জানাই আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।