Narendra Modi
Narendra Modi

‘সমবেদনা রইল’, চোরবাগান কাণ্ডে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

Bengal Liberty : চোরবাগানের সারদা পার্কের পুজোমণ্ডপে পদপিষ্টের মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার রাতে এক্স হ্যান্ডলে এই দুর্ঘটনা নিয়ে শোকবার্তা পোস্ট করেন তিনি। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী।

এক্স হ্যান্ডলে মোদি লেখেন, “কলকাতায় পদপিষ্টের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, সেই কামনা করি। স্থানীয় প্রশাসন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সবরকম সাহায্য করছে।”

এদিকে, দুর্ঘটনার পর আহতদের দেখতে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সেখানে আহতদের সঙ্গে দেখা করার পাশাপাশি গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী। আহতদের চিকিৎসার ব্যবস্থা এবং দুর্ঘটনা-পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

এই ঘটনার জেরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শহরের একাধিক পুজোমণ্ডপ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। চোরবাগান কাণ্ডের পর ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা বেড়েছে।

হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সাত বছরের একটি শিশুও রয়েছে। আহতের সংখ্যাও বেশ কয়েকজন বলে জানা গিয়েছে। তবে হতাহতের চূড়ান্ত সংখ্যা সম্পর্কে সরকারি ভাবে নিশ্চিত তথ্যের অপেক্ষা রয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।