Kunal Ghosh
Kunal Ghosh

‘জোর করে পুজো কমিটি দখল করলেই হয় না’, চোরবাগান কাণ্ডে বিস্ফোরক কুণাল ঘোষ

Bengal Liberty : চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গেলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। হাসপাতাল থেকে বেরিয়ে পুজো কমিটির পরিচালনা, দুর্ঘটনার দায় এবং আহতদের চিকিৎসা নিয়ে একাধিক প্রশ্ন তুললেন তিনি। তাঁর বক্তব্য, পুজো কমিটির দায়িত্ব নেওয়ার পাশাপাশি পুজো পরিচালনার যথেষ্ট অভিজ্ঞতা ও দক্ষতাও থাকা জরুরি। একই সঙ্গে নিহতদের পরিবারকে দ্রুত আর্থিক ও অন্যান্য সহায়তা দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানান তিনি।

‘পুজো করানোর জন্য অভিজ্ঞতা থাকা দরকার’

চোরবাগান পুজো কমিটির পরিচালনা নিয়ে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, “জোর করে পুজো কমিটি দখল করে নিলেই চলে না, পুজো করানোর জন্য অভিজ্ঞতা থাকা দরকার।” তাঁর মতে, এত বড় জনসমাগমের ক্ষেত্রে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার মতো বিষয়গুলিতে যথাযথ অভিজ্ঞতা থাকা অত্যন্ত জরুরি।

দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। নিহতদের পরিবারকে দ্রুত সহযোগিতা করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদনও জানান তৃণমূল বিধায়ক।

চোরবাগান কাণ্ডে সাত জনের গ্রেফতারি নিয়েও মুখ খোলেন কুণাল ঘোষ। ধৃতদের মধ্যে বেসরকারি নিরাপত্তারক্ষী থাকায় তাঁদের ভূমিকা নিয়ে মন্তব্য করেন তিনি।
কুণালের বক্তব্য, “বেসরকারি নিরাপত্তারক্ষীদের গ্রেফতার করে আইনি জটে ফেলে হেনস্থা করার কোনও মানে হয় না।”

তাঁর যুক্তি, পুজোর সময় অস্থায়ীভাবে নিযুক্ত নিরাপত্তারক্ষীদের পুজোর সামগ্রিক ব্যবস্থাপনা বা ভিড় নিয়ন্ত্রণের পরিকল্পনা সম্পর্কে সব তথ্য জানা নাও থাকতে পারে। সেই দায় মূলত পুজো উদ্যোক্তাদেরই খতিয়ে দেখা উচিত বলে মনে করেন তিনি। তাঁর কথায়, “পুজোর ভিড় নিয়ন্ত্রণ কীভাবে হবে, সেই সম্পর্কে একমাত্র পুজো উদ্যোক্তারাই বিস্তারিত জানেন। তাঁদের দোষের ভার অস্থায়ী নিরাপত্তারক্ষীদের ঘাড়ে চাপিয়ে দায় এড়ানোর চেষ্টা হলে তা অত্যন্ত নিন্দনীয়।”

এ দিন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রোগীকে অন্য হাসপাতালে রেফার করার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, কলকাতা মেডিক্যাল কলেজ রাজ্যের অন্যতম প্রথম সারির চিকিৎসা প্রতিষ্ঠান। ফলে সেখান থেকে রোগীকে অন্য হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত কেন নেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।