Suvendu Adhikari
সন্দীপ বেজ ও টগর বেজের ছবিতে মাল্যদান মুখ্যমন্ত্রীর

চোরবাগানকাণ্ডে মৃত টগর ও সন্দীপ বেজের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী

শনিবার, সপ্তমীর সন্ধ্যায় যখন পুজোর আনন্দে মেতে উঠেছিল কলকাতা, ঠিক তখনই চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। বৃষ্টি এবং উপচে পড়া ভিড়ের চাপে মণ্ডপের গেট ভেঙে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। প্রাণ হারান ১৯ জন। পুজোর মরসুমে কলকাতার বুকে এমন মর্মান্তিক বিপর্যয় ঘিরে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার পর মৃতদের শনাক্তকরণ শুরু হলে জানা যায়, নিহতদের অনেকেই কলকাতার বাইরে বিভিন্ন জেলার বাসিন্দা। প্রিয়জনদের সঙ্গে পুজো দেখতে এসে তাঁদের আর বাড়ি ফেরা হয়নি।

দুর্ঘটনার পর থেকেই পরিস্থিতির দিকে নজর রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিপর্যয়ে যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পাশে দাঁড়াতে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো মঙ্গলবার, নবমীর দিন জেলায় জেলায় গিয়ে শোকাহত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী।

এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বর্ধমানের মাধবডিহির বাসিন্দা টগর বেজ ও তাঁর ছেলে সন্দীপ। অষ্টম শ্রেণির ছাত্র সন্দীপকে সঙ্গে নিয়ে চোরবাগানের পুজোমণ্ডপে ঠাকুর দেখতে এসেছিলেন টগর। কিন্তু সেই আনন্দের সফরই শেষ হয় ভয়াবহ পরিণতিতে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় মা ও ছেলের। এ দিন তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের দুঃখ-যন্ত্রণার কথা শোনেন মুখ্যমন্ত্রী। এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সাহায্যও তুলে দেন তিনি।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।