Bengal Liberty : “আমার সঙ্গে আগের সরকারের অনেক তফাত আছে।” চোরবাগান দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করার পাশাপাশি, তাঁর সঙ্গে পূর্বতন মুখ্যমন্ত্রীর তুলনা না করার বার্তাও দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরামবাগে মৃত পিয়ালী প্রামাণিকের পরিবারের সঙ্গে দেখা করে তিনি জানান, শোকাহত পরিবারের পাশে থাকার অঙ্গীকার করতেই তাঁর এই সফর। মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, পরিবারের এক সদস্যকে গ্রুপ ডি পদে চাকরি এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাসও দিয়েছেন তিনি। চোরবাগান-কাণ্ডে প্রশাসনিক দায়বদ্ধতা নিশ্চিত করার পাশাপাশি পূর্বতন সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।
ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস
মঙ্গলবার হেলিকপ্টারে হুগলির আরামবাগের মলয়পুরে গৃহবধূ পিয়ালী প্রামাণিকের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৭ অক্টোবর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় ঠাকুর দেখতে গিয়ে ভিড়ের চাপে প্রাণ হারান পিয়ালী-সহ ১৯ জন। উৎসবের আনন্দ মুহূর্তে পরিণত হয় শোকে। সেই দুর্ঘটনায় স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, “বললাম, শোক জানাতে এসেছি। পাশে থাকার অঙ্গীকার দিতে এসেছি। মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। কিন্তু ২৫ লক্ষ টাকার চেক দিতে এসেছি। চাকরির প্রতিশ্রুতি দিয়েছি, সেটা রাখব।” তিনি আরও জানান, মৃতের পরিবারের তরফে কর্মসংস্থান সংক্রান্ত একটি আবেদন এসেছে। বিষয়টি জেলাশাসককে জানানো হয়েছে। আরামবাগ ও গোঘাটের দুই বিধায়ককে ওই পরিবারের দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
পুলিশের ভূমিকা খতিয়ে দেখার আশ্বাস
চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, কলকাতা পুলিশের ভূমিকা থেকে শুরু করে ঘটনার সঙ্গে যুক্ত অন্যদের দায়-সবই খতিয়ে দেখা হবে। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা কর্মরত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন করে তদন্ত করার কথা জানিয়েছি। কলকাতা পুলিশের ভূমিকা কী, অন্যদের ভূমিকা কী? বিচারপতিদের দিয়ে নিরপেক্ষ তদন্ত করব।” ঘটনার পর পুজো উদ্যোক্তা ও নিরাপত্তার দায়িত্বে থাকা মোট সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ বিস্তীর্ণ এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। তিন দিনের জন্য এই নিষেধাজ্ঞা বহাল রাখার কথা জানানো হয়েছে। তদন্তের প্রশ্নে পূর্বতন সরকারের সঙ্গে বর্তমান সরকারের পার্থক্য তুলে ধরে শুভেন্দু বলেন, “এর আগে লোক যেত কোর্টে, সিবিআইকে দিয়ে তদন্তের দাবি তুলে মামলা করতে। আমরা নিজেরাই বলছি, বিচারপতি আসুন, তদন্ত করুন। আগের সরকারের সঙ্গে আমাদের অনেক তফাত আছে।”
আরও খবর
২০২৫ সালের ঘটনা টেনে নিশানা মমতাকে
চোরবাগান-কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে সরব হন শুভেন্দু। ২০২৫ সালের দুর্গাপুজোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এবং দার্জিলিং ও নাগরাকাটায় হড়পা বানে প্রাণহানির প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কি না। শুভেন্দুর কথায়, “২০২৫ সালে পুজোর সময় অনেক বড় বড় ঘটনা ঘটেছিল। ইলেকট্রিক শকে মৃত্যু হয়েছিল, দার্জিলিং, নাগরাকাটায় হড়পা বানে শতাধিক লোকের মৃত্যু হয়েছিল। আপনার মনে আছে, মুখ্যমন্ত্রী কারও বাড়ি গিয়েছিলেন?” এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, “তিনি লোক মারা যাওয়ার পর ডান্ডিয়া করেছিলেন। দার্জিলিংয়ে হড়পা বানের পর কার্নিভাল করেছিলেন। আমার সঙ্গে অনেক তফাত আছে।”


