Bengal Liberty : দুর্গাপুজোর আনন্দের মধ্যেই শহরের রাস্তায় বেপরোয়া বাইক ও গাড়ির দৌরাত্ম্য। ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে অষ্টমীর রাতে কলকাতাজুড়ে মোট ৭২৬টি মামলা দায়ের করল পুলিশ। বিনা হেলমেটে বাইক চালানো থেকে শুরু করে একটি বাইকে তিন জনের সওয়ারি, মত্ত অবস্থায় গাড়ি চালানো- তালিকায় রয়েছে একাধিক অভিযোগ। লালবাজারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ওই রাতে ট্রাফিক আইন ভাঙার ঘটনায় মোট ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
কড়া নজরদারি
লালবাজারের তথ্য অনুযায়ী, অষ্টমীর রাতে হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে ২৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। একটি বাইকে তিন জন সওয়ার হওয়ার ঘটনায় ১৫৫টি মামলা হয়েছে। ট্রাফিক আইন ভাঙার অভিযোগে আরও ৯০টি মামলা রুজু করা হয়েছে। এ ছাড়া, মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ৮১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ট্রাফিক আইন সংক্রান্ত অন্যান্য অভিযোগে হয়েছে আরও ১৬৯টি মামলা। সব মিলিয়ে মামলার সংখ্যা ৭২৬।
দুর্গাপুজোয় শহরের রাস্তায় যানবাহনের চাপ বাড়ে। প্রতিমা দর্শনে বেরিয়ে পড়েন বহু মানুষ। সেই ভিড় সামলাতে প্রতি বছরই কলকাতা পুলিশের তরফে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বাড়ানো হয় টহলদারি ও নজরদারি। বিশেষ করে বেপরোয়া গাড়ি চালানো, হেলমেট ছাড়া বাইক চালানো এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর মতো অপরাধ রুখতে তৎপর থাকে ট্রাফিক পুলিশ। তবে অষ্টমীর রাতের পরিসংখ্যান স্পষ্ট করে দিয়েছে, কড়া নজরদারি সত্ত্বেও শহরের রাস্তায় একাংশের মধ্যে ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা রয়েছে। উৎসবের আনন্দ যাতে দুর্ঘটনা ও বিপদের কারণ না হয়ে ওঠে, সে জন্য নিয়ম মেনে গাড়ি চালানো এবং পথনিরাপত্তা বজায় রাখা জরুরি।


