Trump Macron
Trump Macron

ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পকে পালটা জবাব ম্যাক্রোঁর

Bengal Liberty : ফ্রান্সের বিক্ষোভ ও হিংসাত্মক পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ট্রাম্প-সহ একাধিক বিদেশি রাষ্ট্রনেতার মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘বোকা’ বলে তোপ দাগলেন তিনি। ফ্রান্সের অভ্যন্তরীণ পরিস্থিতিকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন ফরাসি প্রেসিডেন্ট।

বিক্ষোভ ঘিরে বিতর্কের সূত্রপাত

ফ্রান্সে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও অন্যান্য আর্থিক সমস্যাকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ সম্প্রতি একাধিক শহরে হিংসা, ভাঙচুর ও লুটপাটের রূপ নেয়। পরিস্থিতি নিয়ে মুখ খোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ফ্রান্সের অশান্তির নেপথ্যে রয়েছে অভিবাসন সমস্যা। এমনকী ফরাসি প্রেসিডেন্টকে সীমান্ত বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরামর্শও দেন তিনি।

বুধবার কাতারের দোহায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাক্রোঁ বলেন, ফ্রান্সের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিদেশে তথ্যের অপব্যবহার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে এমন কিছু ছবি তৈরি করা হয়েছে, যেখানে এমন ঘটনার দৃশ্য দেখানো হয়েছে, যা আদৌ ফ্রান্সে ঘটেনি বলেও দাবি করেন তিনি।

ম্যাক্রোঁর কথায়, ফ্রান্স অভিবাসী ও ইসলামপন্থীদের দখলে চলে গিয়েছে, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। বিদেশি রাষ্ট্রনেতাদের এই ধরনের মন্তব্যকে তিনি অগ্রহণযোগ্য এবং বোকামি বলে আখ্যা দেন।
ট্রাম্পকে সরাসরি নিশানা করা হয়েছে কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ম্যাক্রোঁ জানান, “অন্যদের মধ্যেও তিনি রয়েছেন।”

ম্যাক্রোঁর অভিযোগ, একাধিক দেশের রাজনৈতিক নেতারা নিজেদের নির্বাচনী প্রচারের স্বার্থে ফ্রান্সের অস্থির পরিস্থিতিকে হাতিয়ার করছেন। তাঁর বক্তব্য, অন্য দেশের অভ্যন্তরীণ সমস্যাকে নিজেদের রাজনৈতিক প্রচারের কাজে ব্যবহার করার কোনও প্রয়োজন নেই।

এদিকে, ফ্রান্সে আগামী শনিবার নতুন করে বিক্ষোভের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই একাধিক এলাকায় কারফিউ ও জমায়েতে বিধিনিষেধ জারি হয়েছে। নতুন করে হিংসা ছড়ানো আটকাতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

ফ্রান্সের অভ্যন্তরীণ অশান্তিকে ঘিরে এবার আন্তর্জাতিক রাজনীতিতেও বাড়ছে চাপানউতোর। ট্রাম্পের মন্তব্যের পালটা ম্যাক্রোঁর এই কড়া প্রতিক্রিয়ায় ওয়াশিংটন-প্যারিস সম্পর্কেও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আগামীদিনে এর কোনও প্রবাব আন্তর্জাতিক মহলে দেখা যাবে যায় কী না সেটাই দেখার।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।