Bengal Liberty : উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে একটি চারচাকা গাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও নিষিদ্ধ রাসায়নিক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে তেঁতুলতলা এলাকায় অভিযান চালিয়ে এই বিপজ্জনক সামগ্রী উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমেছে স্পেশাল টাস্ক ফোর্স, জাতীয় তদন্তকারী সংস্থা, জাতীয় নিরাপত্তা রক্ষী বাহিনী এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা। এই ঘটনায় রাকিবুল ইসলাম নামে এক বাইক শোরুমের মালিককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া বিস্ফোরক কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এবং এর পিছনে কোনও বড়সড় ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
রাতের অন্ধকারে অভিযান
গোয়েন্দা সূত্রে খবর, দত্তপুকুরের তেঁতুলতলা এলাকায় একটি সন্দেহভাজন চারচাকা গাড়িতে বিপজ্জনক সামগ্রী মজুত থাকার তথ্য পেয়েছিলেন এসটিএফের আধিকারিকেরা। সেই সূত্র ধরেই বেশ কিছুদিন ধরে গাড়িটির উপর নজরদারি চলছিল। বুধবার গভীর রাতে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ বিস্ফোরক ও রাসায়নিক সামগ্রী।তদন্তকারীদের প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে ওই সামগ্রী কলকাতার দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে গাড়িটির নির্দিষ্ট গন্তব্য কোথায় ছিল, তা এখনও স্পষ্ট নয়। উদ্ধার হওয়া সামগ্রী কোনও নাশকতার কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেফতার বাইক ব্যবসায়ী
এই ঘটনায় রাকিবুল ইসলাম নামে এক বাইক শোরুমের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। গাড়ি থেকে বিস্ফোরক উপকরণের পাশাপাশি কিছু লোহার জালকাঠিও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর প্রকৃতি এবং বিস্ফোরকগুলির ধ্বংসাত্মক ক্ষমতা নির্ধারণ করতে ফরেন্সিক পরীক্ষা চলছে। বারাসাত পুলিশ জেলার সুপার এম মার্সি জানিয়েছেন, গোটা ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া বিস্ফোরকের ধরন ও ক্ষমতা বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা চলছে। বৃহস্পতিবার ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে এনআইএ বলে জানা গিয়েছে। বিস্ফোরক ও রাসায়নিকের উৎস, সেগুলি সংগ্রহের পিছনে অন্য কারও ভূমিকা এবং সম্ভাব্য যোগসাজশের দিকগুলিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


