Bengal Liberty : অবশেষে দীর্ঘদিনের জট কাটল। এবার খুব শীঘ্রই চালু হতে চলেছে আন্দুলের পোদড়া ফেরিঘাট। তাই তার আগে শুরু হল ফেরিঘাটে যাওয়ার কংক্রিটের রাস্তা তৈরির কাজ। জানা যায় যে, দরপত্র ডাকা নিয়ে সমস্যার জেরেই এই রাস্তাটির কাজ দীর্ঘ কয়েকবছর ধরে বন্ধ ছিল। কিন্তু রাজ্যে সরকারে পালা বদল হতেই বদলে গেল সেই পরিস্থিতি। জেলা প্রশাসনকে রাস্তা তৈরির নির্দেশ দেয় রাজ্য সরকার। প্রশাসনের নির্দেশ মতো শুরু হল রাস্তা তৈরির কাজ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আধুনিক জেটি, গ্যাংওয়ে, পন্টুন, সোলার আলো থেকে শুরু করে যাত্রীদের বসার ব্যবস্থা— সবই তৈরি ছিল। অথচ এর পরেও দীর্ঘদিন ধরে চালু হচ্ছিল না হাওড়ার পোদড়া ফেরিঘাট। উৎসবের মরশুমে শেষমেশ অপেক্ষার অবসান হল। নবমী তিথিতে পুজোর মধ্য দিয়ে শুরু হল ফেরিঘাটে যাওয়ার নতুন রাস্তা তৈরির কাজ। রাস্তার কাজ সম্পূর্ণ হলেই শীঘ্রই ফেরি পরিষেবা চালু করা হবে বলে খবর।
নবমীতে শুরু হল রাস্তা তৈরির কাজ
এই বিষয়ে বিজেপির পশ্চিমবঙ্গ প্রদেশ কার্যকারিণী কমিটির সদস্য ইন্দ্রদেব দুবে জানান, পোদড়া ফেরিঘাট তৈরি হয়ে গেলেও বিভিন্ন জটিলতার কারণে রাস্তা নির্মাণের কাজ থমকে ছিল। ফলে ফেরি পরিষেবা চালু করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি বিভিন্ন দপ্তরে জানানোর পাশাপাশি নতুন সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই ও রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংকে বিষয়টি জানানো হয়। এর পরেই নবমী তিথিতে রাস্তা নির্মাণের কাজ শুরু হল। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রায় ২০০ মিটার রাস্তা তৈরি করা হবে। তিন মাসের মধ্যে রাস্তা তৈরীর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই রাস্তা তৈরি হয়ে ফেরি পরিষেবা চালু হলে বিশেষ করে হাটের ব্যবসায়ীদের পাশাপাশি বহু সাধারণ মানুষও উপকৃত হবেন।


