Bengal Liberty : দিল্লিতে ভারতের নির্বাচন কমিশনের সদর দফতরের বাইরে এবং সেন্ট্রাল দিল্লির বিভিন্ন জায়গায় বাম দল, ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের পক্ষ থেকে তীব্র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ভোটার তালিকা সংশোধনের বিতর্কিত প্রক্রিয়া ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বাতিল এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। এই বিক্ষোভ সমাবেশে সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাত, সমাজকর্মী অঞ্জলি ভরদ্বাজসহ একাধিক বাম ও বিরোধী নেতৃত্ব সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।
সমাবেশে যোগ বৃন্দা কারাত-সহ বাম নেতৃত্বের
আন্দোলনকারীদের অভিযোগ, নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) নামে কয়েক কোটি বৈধ ভোটারের নাম তালিকা থেকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। এটি ক্ষমতাসীন দলকে সুবিধা পাইয়ে দেওয়ার একটি প্রচেষ্টা বলে তাদের অভিযোগ। অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করতে হবে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে এবং নির্বাচন কমিশনার নিয়োগের নিয়ম সংশোধন করতে হবে। এমনটাই দাবি সিপিআই(এম) এবং অন্যান্য বাম দলের।
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের জড়ো হওয়ার অনুমতি দেওয়া হয়নি। কিন্তু বিক্ষোভকারীরা সেন্ট্রাল দিল্লির গুরুদ্বারা বাংলা সাহিব-সহ বিভিন্ন জায়গায় জমায়েত শুরু করেন। পরে বামপন্থী সংগঠন ডিওয়াইএফআই, এসএফআই এবং সংযুক্ত কিষাণ মোর্চার কর্মী-সমর্থকেরা ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশনের দফতরের মাত্র ১৫০ মিটারের মধ্যে পৌঁছে অবস্থান বিক্ষোভ শুরু করেন। এর আগে এই একই ইস্যুতে রাহুল গান্ধী সহ ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষ নেতারা এবং ‘কোকরোচ জনতা পার্টি’র (CJP) মতো তরুণদের সংগঠন দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে এবং পুলিশের হাতে আটক হয়েছেন।


