Bengal Liberty: স্টেশনে ঢোকার মুখেই ট্রেনের নিচে আগুনের ফুলকি! মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ। আতঙ্কে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে শুরু করলেন যাত্রীরা। শনিবার রাতে হুগলির রিষড়া স্টেশনে আপ দুন এক্সপ্রেসকে ঘিরে এমনই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। তবে চালক, গার্ড এবং রেলের কর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রেল সূত্রে খবর, এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি।
শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ রিষড়া স্টেশনে ঢুকছিল আপ দুন এক্সপ্রেস। সেই সময় ট্রেনের সামনের দিকের জেনারেল কামরার নিচে আগুনের ফুলকি দেখতে পান চালক ও গার্ড। বিপদের আঁচ পেয়েই দ্রুত ট্রেন থামিয়ে দেন তাঁরা। কিন্তু ততক্ষণে স্টেশন চত্বরে ছড়িয়ে পড়েছে কালো ধোঁয়া। কী ঘটেছে বুঝে ওঠার আগেই আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নামতে শুরু করেন। আচমকা এই ঘটনায় স্টেশনজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। দমকলকেও খবর দেওয়া হয়। তবে দমকল পৌঁছনোর আগেই ট্রেনে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন চালক ও গার্ড। এরপর প্রায় ৩০ মিনিট রিষড়া স্টেশনেই দাঁড়িয়ে থাকে ট্রেনটি। গোটা ট্রেন পরীক্ষা করে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয় দুন এক্সপ্রেস।
আরও খবর
রেলের এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, ব্রেক বাইন্ডিংয়ের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। ব্রেক প্যাডের সঙ্গে চাকার ঘর্ষণে আগুনের ফুলকি বেরিয়ে আসে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর ট্রেনের সমস্ত কামরা পরীক্ষা করা হয়। রেলের তরফে জানানো হয়েছে, সব যাত্রী সুরক্ষিত রয়েছেন।


