Bengal Liberty : প্রয়াত প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। রবিবার সমাজমাধ্যমে শোকবার্তায় তিনি লেখেন, “বিশ্ব আজ তার অন্যতম শ্রেষ্ঠ শিল্পীকে হারাল। ভালো থেকো, যোগেনদা। তোমার যাত্রা শুভ হোক।”
যোগেন চৌধুরীর সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেছেন ডেরেক। তাঁর কথায়, ছ’বছর সংসদে যোগেন চৌধুরীর সহকর্মী হিসেবে থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন তিনি। পাশাপাশি, কলকাতায় প্রায় দু’দশক ধরে প্রতিবেশী হিসেবেও তাঁদের সম্পর্ক ছিল।
শুধু সংসদীয় সহকর্মী হিসেবেই নয়, শিল্পী যোগেন চৌধুরীর কাজের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন ডেরেক। নির্ভয়া-কাণ্ডের পর একটি ছবি আঁকতে যোগেন চৌধুরী পাঁচ বছর সময় নিয়েছিলেন বলে উল্লেখ করেছেন তিনি। সেই ছবির লিঙ্কও নিজের পোস্টে ভাগ করে নিয়েছেন তৃণমূল সাংসদ।
আরও খবর
শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ শিল্প ও সাংস্কৃতিক মহল। ডেরেকের শোকবার্তায় উঠে এসেছে যোগেন চৌধুরীর শিল্পীসত্তার প্রতি শ্রদ্ধার পাশাপাশি তাঁর সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের নানা স্মৃতিও।
প্রখ্যাত শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
এক বিবৃতিতে তিনি লিখেছেন,
” ভারতীয় আধুনিক চিত্রকলার অন্যতম পথিকৃৎ এবং প্রাক্তন সাংসদ যোগেন চৌধুরীর প্রয়াণে আমি গভীর শোকাহত।
আধুনিক চিত্রকলার চর্চায় তাঁর অসামান্য অবদান নান্দনিকতার জগৎকে ঋদ্ধ করে গেছে। আমি তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি এবং প্রয়াত শিল্পীর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।”


