Rahul Gandhi
Rahul Gandhi

কংগ্রেসের কর্মসূচির প্রচারে বিশেষ ভূমিকা বিজেপি ও সহযোগীদের: রাহুল

Bengal Liberty : আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে সমাবেশের ডাক দিয়েছে বিরোধী ইন্ডিয়া জোট। ইতিমধ্যে বিরোধীদের এই কর্মসূচিকে কীভাবে মোকাবিলা করতে হবে, তা নিয়ে দিল্লি পুলিশের সঙ্গে এক প্রস্থ বৈঠক সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাসক দল বিজেপির এই মাথাব্যথা নিয়ে এবার কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। কংগ্রেসের কর্মসূচির প্রচারে বিজেপি ও সহযোগীরা বিশেষ ভূমিকা নিচ্ছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। কটাক্ষের সুরেই এরজন্য বিজেপিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন রাহুল।

রবিবার সমাজমাধ্যমে পোস্ট করে রাহুলের অভিযোগ, দেশের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। নিয়ম ও আইন ভাঙা হচ্ছে। ভোট নিয়ে প্রশ্ন তুললেই প্রতিবাদীদের ওপর লাঠি চালানো হচ্ছে বলে বিরোধী দলনেতার দাবি। পোস্টে রাহুল লেখেন, ‘আমাদের ভোট চুরি করা হচ্ছে। কোনও অবস্থাতেই চুপচাপ তা মেনে নেব না। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এক্ষেত্রে নিয়ম ও আইন ভাঙা হয়েছে। আর প্রশ্ন তোলা মানুষের ওপর লাঠি চালানো হয়েছে। এর জবাব দেবে দেশ।’ একই সঙ্গে ১ নভেম্বরের কর্মসূচি নিয়েও মুখ খুলতে দেখা যায় রাহুলকে। সমাজের সর্বস্তরের মানুষকে যোগদানের আহ্বান জানিয়ে রাহুল লেখেন, ‘ভোটাধিকার রক্ষার লড়াই শুধু কোনও রাজনৈতিক দলের লড়াই নয়, গণতন্ত্রে বিশ্বাসী প্রত্যেক নাগরিকের লড়াই।’

শেষে রাহুল লেখেন, ‘ভোট আপনার, লড়াইটাও আপনার।’ এখানেই থেমে থাকেননি বিরোধী দলনেতা। এরপর বিজেপিকে কটাক্ষ করে রাহলের সংযোজন, ‘বিজেপি ও তার সহযোগীদের অন্তরিক ধন্যবাদ। এত উৎসাহের সঙ্গে এই কর্মসূচির প্রচার করছে ও আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তাঁরা। আগামী সাত দিন এই উদ্যম বজায় রাখার আহ´ান জানিয়েছেন রাহুল।

ইতিমধ্যে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি সাংসদকে এই কর্মসূচিতে যোগদানের জন্য বলা হয়েছে। দলের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর সাংসদদের দিল্লিতে উপস্থিত থাকতে বলা হয়েছে। একইসঙ্গে এই কর্মসূচিতে যোগদানের ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে সমাজবাদী পার্টিও। দিল্লি লাগোয়া হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে বিপুল জমায়েতের প্রস্তুতি নেওয়া হচ্ছে দুই দলের তরফে। সেইসঙ্গে ওই দিন ইন্ডিয়া জোটের অন্যান্য প্রতিনিধিদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।