Bengal Liberty : রাজ্যে ডেঙ্গি সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়ের পাঠানো ওই চিঠিতে ডেঙ্গি প্রতিরোধে দ্রুত ও সমন্বিত পদক্ষেপের দাবি জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, অক্টোবরের প্রথম ২৩ দিনে রাজ্যে ৫,৫০০-র বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা ছিল ৩,১৭২। চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা ১২,৫০০ ছাড়িয়েছে বলেও দাবি করা হয়েছে। মুর্শিদাবাদ, হাওড়া, কলকাতা এবং উত্তর ২৪ পরগনাকে সর্বাধিক আক্রান্তের সংখ্যাযুক্ত জেলাগুলির মধ্যে উল্লেখ করা হয়েছে। চিঠিতে আরও জানানো হয়েছে, হাওড়া পুরনিগম এলাকায় ৪৭ জন এবং ডোমজুড়ে ১৪ থেকে ২০ অক্টোবরের মধ্যে ২৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।
ডেঙ্গি মোকাবিলায় রাজ্যজুড়ে নির্দিষ্ট সময়সীমা-সহ কর্মপরিকল্পনা তৈরি, মশার প্রজননস্থল ধ্বংস, নিকাশি ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নতি এবং প্রয়োজন অনুযায়ী মশা নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে কংগ্রেস। পাশাপাশি, সরকারি হাসপাতালগুলিতে পর্যাপ্ত চিকিৎসক, ওষুধ ও পরীক্ষার ব্যবস্থা এবং রোগীদের পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে।
আরও খবর
চিঠিতে কংগ্রেস আরও দাবি করেছে, জেলাভিত্তিক এবং সম্ভব হলে ব্লক ও পুরসভার ওয়ার্ডভিত্তিক আক্রান্তের পরিসংখ্যান নিয়মিত প্রকাশ করতে হবে। স্বাস্থ্য, পুর ও পঞ্চায়েত প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের মাধ্যমে কাজের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার প্রস্তাবও দেওয়া হয়েছে।
আশুতোষ চট্টোপাধ্যায়ের আবেদন, রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে মুখ্যমন্ত্রী দ্রুত পদক্ষেপ করুন। ডেঙ্গি প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থার পাশাপাশি বছরভর পরিকল্পনা গ্রহণ এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজের অগ্রগতি পর্যালোচনারও দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস।


