Suvendu Adhikari
Suvendu Adhikari

চোরবাগান কাণ্ডে ৬০ জনের বয়ান রেকর্ড! তদন্তের রিপোর্ট বিধানসভায় পেশ করবেন মুখ্যমন্ত্রী

Bengal Liberty : চোরবাগান মণ্ডপ বিপর্যয় মামলার তদন্তে এখনও পর্যন্ত ৬০ জনের বয়ান রেকর্ড করেছে তদন্তকারী দল। এই তালিকায় রয়েছেন দুর্ঘটনায় আহত ব্যক্তি, মণ্ডপে কর্মরত নিরাপত্তারক্ষী, হোমগার্ড, সিভিক ভলান্টিয়ার এবং স্থানীয় বাসিন্দারা। মহাসপ্তমীর রাতে ঠিক কী ঘটেছিল, মাইকে কী ঘোষণা করা হয়েছিল এবং কীভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ঘটনার সময়কার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় মাইকে কাউকে বলতে শোনা যায়, “মণ্ডপের অবস্থা ভাল নয়, আপনারা প্লিজ এখানে দাঁড়াবেন না।” প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এই ঘোষণার পরই নিজেদের বাঁচাতে হুড়োহুড়ি শুরু করেন দর্শনার্থীরা। দ্রুত মণ্ডপ থেকে বেরিয়ে আসার চেষ্টায় ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। তার জেরেই পদপিষ্ট হওয়ার মতো মর্মান্তিক ঘটনা ঘটে বলে অভিযোগ। ওই ঘোষণার প্রকৃত প্রেক্ষাপট এবং তার সঙ্গে দুর্ঘটনার যোগসূত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ভুল বা বিভ্রান্তিকর ঘোষণা করার অভিযোগে এখনও পর্যন্ত দু’জন ঘোষককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা হলেন সঞ্জীব রাহা ওরফে সেন্টু এবং কুশল মজুমদার। তাঁদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ঘটনার সময়কার অডিয়ো রেকর্ডিংয়ের সঙ্গে মিলিয়ে দেখার উদ্যোগও নেওয়া হয়েছে।

এই ঘটনার তদন্ত করছে বিশেষ তদন্তকারী দল বা সিট। অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে চলছে তদন্ত। সংগৃহীত বয়ান এবং অডিয়ো-ভিডিয়ো প্রমাণ খতিয়ে দেখে ঘটনার সম্পূর্ণ চিত্র পুনর্গঠনের চেষ্টা করছেন তদন্তকারীরা।

এদিকে, রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতেই অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। তদন্তের রিপোর্ট তিনি নিজে বিধানসভায় পেশ করবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করবে রাজ্য সরকার।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।