Rahul Gandhi - Amit Shah
Rahul Gandhi - Amit Shah

ভোটের আগেই আদালতে স্বস্তিতে রাহুল গান্ধী

Bengal Liberty : দীর্ঘ আট বছর আইনি লড়াই চলছিল। অবশেষে মানহানি মামলা থেকে বড় স্বস্তি পেলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের সুলতানপুরের বিশেষ এমপি/এমএলএ আদালত সোমবার রাহুল গান্ধীর বিরুদ্ধে ২০১৮ সালের মানহানির মামলাটি খারিজ করে দিল। কর্ণাটকের বেঙ্গালুরুতে একটি সম্মেলনে ২০১৮ সালে একটি মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। অভিযোগ ছিল, লোকসভার বর্তমান বিরোধী দলনেতা সেসময় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তথা তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে ‘আপত্তিকর মন্তব্য’ করেছিলেন। তিনি তাঁকে একটি খুনের মামলার আসামি বলেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় জেলা সমবায় ব্যাঙ্কের তৎকালীন চেয়ারম্যান এবং জেলার বিজেপি সহ-সভাপতি বিজয় মিশ্র একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, এই ধরনের মন্তব্য মানহানিকর এবং তা অমিত শাহের সুনামে আঘাত হেনেছে।

সেই ঘটনা থেকেই এই মামলার সূত্রপাত। অভিযোগে ২০২৩ সালের ১৬ ডিসেম্বর এমপি/এমএলএ আদালত কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তলব করেছিল। ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি আদালতে হাজির হন তিনি। ব্যক্তিগত বন্ড ও জামিনদার জমা দেওয়ার পর তাঁকে জামিন দেওয়া হয়। রাহুল গান্ধী অভিযোগ অস্বীকার করেন। তাঁর আইনজীবীর বক্তব্য অনুযায়ী, এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছিলেন তিনি। ২০২৪ সালের জুলাই মাসে আদালতে কংগ্রেস নেতার বয়ান নথিভুক্ত করা হয়। ওই বছরের অক্টোবর মাসে অভিযোগকারী বিজয় মিশ্রের সাক্ষ্যগ্রহণ হয়।

এরপর ২০২৫ ও ২০২৬ সালেও সাক্ষীদের বয়ান এবং অভিযুক্তের বক্তব্য রেকর্ড করার প্রক্রিয়া চলে। তবে এদিন উত্তরপ্রদেশের সুলতানপুরের এমপি-এমএলএ আদালত সেই মামলা খারিজ করে দিয়েছে। এদিনের এই রায়ে কংগ্রেস শিবিরে স্বস্তির নিঃশ্বাস পড়েছে। রায় ঘোষণার সময় আদালতে হাজির থাকতে রাহুল গান্ধী আজ দিল্লি থেকে সুলতানপুরের বিশেষ এমপি/এমএলএ আদালতে আসেন। যদিও তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করে দেয় সংশ্লিষ্ট আদালত।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।