Bengal Liberty : কিছুদিন আগেই সাম্বার ছন্দে মেতে উঠেছিল কলকাতা। ভারত বনাম ব্রাজিলের ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা গিয়েছিল প্রবল উদ্দীপনা। ম্যাচের ফলাফল যা-ই হোক না কেন, আট থেকে আশি—সব বয়সের ফুটবলপ্রেমীই যুবভারতী ক্রীড়াঙ্গনে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন। ব্রাজিল ম্যাচের রেশ কাটতে না কাটতেই আগামী ১৩ নভেম্বর কলকাতায় পা রাখতে চলেছেন ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার মাইকন। ইন্টার মিলানের প্রাক্তন এই ফুটবলারের আগমনের খবর প্রকাশ্যে আসতেই ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উন্মাদনা ছড়িয়েছে। কিন্তু ঠিক কী কারণে শহরে আসছেন মাইকন?
কলকাতায় মাইকন
১৩ নভেম্বর শহরে পা রাখার পর ১৪ নভেম্বর কিং স্পোর্টস ম্যানেজমেন্টের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দু’দিনের সফরে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারেও তাঁর উপস্থিত থাকার কথা।
ভারতীয় ফুটবলের উন্নয়ন এবং নতুন প্রতিভার সন্ধানে ইতিমধ্যেই ভারত ও ব্রাজিলের মধ্যে ফুটবলার আদান-প্রদানের পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০৩৭ সালের লক্ষ্যকে সামনে রেখে আগামী বছরগুলিতে এমন একটি ভারতীয় ফুটবলারদের পুল গড়ে তোলাই এই উদ্যোগের উদ্দেশ্য, যাঁরা ভবিষ্যতে ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলার যোগ্যতা অর্জন করবেন।
আরও খবর
সেই পরিকল্পনার সূচনা পর্বের অংশ হিসেবেই কলকাতায় আসতে চলেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই প্রাক্তন ফুটবলার। এই উদ্যোগের মাধ্যমে আগামী দিনে ভারতীয় ফুটবলের কতটা উন্নতি হয়, সে দিকেই নজর থাকবে ক্রীড়ামহলের। একই সঙ্গে দক্ষিণ আমেরিকা ও ভারতীয় ফুটবলের দীর্ঘদিনের সম্পর্কে এই উদ্যোগ যে নতুন মাত্রা যোগ করতে পারে, তা বলাই বাহুল্য।


