Bengal Liberty : এশিয়ান প্যারা গেমসে তিনটি সোনার পদকজয়ী ভারতীয় অ্যাথলিটের রহস্যমৃত্যুকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দিল্লিতে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্যারা অ্যাথলিট নীরজ যাদবের নিথর দেহ। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই ভারতীয় ক্রীড়ামহলে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুর নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।
সূত্রের খবর, ৪২ বছর বয়সি এই অ্যাথলিটের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক রিপোর্টে বিষাক্ত পদার্থ সেবনের সম্ভাবনার কথা উঠে এলেও, ঠিক কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে।
প্যারা অ্যাথলেটিক্সে ভারতের অন্যতম পরিচিত মুখ ছিলেন নীরজ যাদব। জীবনের প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তিনি। এশিয়ান প্যারা গেমসে তিনটি সোনার পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন এই অ্যাথলিট। তাঁর এই সাফল্য ভারতীয় প্যারা ক্রীড়াক্ষেত্রে এক উল্লেখযোগ্য অধ্যায় হয়ে রয়েছে।
আরও খবর
তবে সাফল্যের সেই অধ্যায়ের মাঝেই এমন মর্মান্তিক পরিণতি ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। কী কারণে মৃত্যু হল এই অ্যাথলিটের? কোনও শারীরিক অসুস্থতা, ব্যক্তিগত সমস্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে এর পিছনে? আপাতত এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।
তিনবারের সোনাজয়ী অ্যাথলিটের এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়ামহল।


