Bengal Liberty : এবছর দীপাবলীর প্রাক্কালে ব্যাডমিন্টন জগতে পথ চলা শুরু করল বেঙ্গল ব্যাডমিন্টন স্পোর্টস অ্যাসোসিয়েশন । মূলত ইনডোর ও আউটডোর উভয় খেলোয়াড়দের এবং ব্যাডমিন্টন তথা সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষদের এক মঞ্চে এনে সকলের মধ্যে সমন্বয় সাধন করা এবং ব্যাডমিন্টন খেলার মাধ্যমে সকলকে শারীরিক ভাবে সুস্থ রাখা এই অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য । সংগঠনের নাম প্রকাশ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, জেনারেল সেক্রেটারি শুভম সানাতি , টুর্নামেন্ট কোঅর্ডিনেটর সন্তু দাস ছাড়াও সুপ্রিয় চাউলে, প্রতীক পারুই, রঞ্জিত দাস, নিরুপম মণ্ডল, রঞ্জিত সরেন, শান্তনু মণ্ডল, সৌভিক খাঁড়া সহ একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন । ইতিমধ্যেই সংগঠনের প্রেসিডেন্ট ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে সংগঠনের প্রতিনিধি মণ্ডল দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চিফ সেক্রেটারি ও প্রধানমন্ত্রী দপ্তরে চিঠি জমা দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেছেন এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়ের পক্ষ থেকেই এই সংগঠনকে শুভেচ্ছা জানানো হয়েছে ।
এই প্রসঙ্গে সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য, স্বাস্থ্যই সম্পদ একথা আমরা সবাই জানি কিন্তু খেলাধুলো বা মূলত ব্যাডমিন্টন খেলার মাধ্যমে মানুষকে সুস্থ রাখা ও স্বাস্থ্যবান করে তোলা আমাদের প্রধান উদ্দেশ্য । আমাদের সঙ্গে জাতীয় ও রাজ্য স্তরের ব্যাডমিন্টন খেলোয়াড় এবং কোচেরাও যেমন আছেন, আবার শীতকালে নেট টাঙিয়ে খেলা বিভিন্ন আউটডোর ক্লাবের খেলোয়াড় ও ব্যাডমিন্টন প্রেমী দর্শকেরাও আমাদের সদস্য । রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি আমরা জনগণের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যপাল আর.এন.রবিকেও চিঠি দিয়ে আমাদের সংগঠনের আগামী দিনের কর্মসূচি জানিয়েছি ও আশীর্বাদ প্রার্থনা করেছি । আমাদের অ্যাকাডেমির একটি প্রধান উদ্দেশ্য প্রান্তিক দরিদ্র ঘরের প্রতিভাবান খেলোয়াড়দের নিঃশুল্ক ব্যাডমিন্টন খেলার সুযোগ করে দেওয়া যাতে অর্থাভাবে কোন দরিদ্র ঘরের সন্তান ভালো খেলোয়াড় হয়ে রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করা থেকে বঞ্চিত না হয় ।
এছাড়া শীতকালে একটি বৃহত্তর অংশের ব্যাডমিন্টনপ্রেমী মানুষ যারা আলো জ্বালিয়ে নেট টাঙিয়ে ব্যাডমিন্টন খেলেন তারা যাতে ইনডোর কোর্টে সারা বছর ব্যাডমিন্টন খেলে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে পারেন সেই সুযোগও আমরা করে দিচ্ছি । এরসাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একাধিক অব্যবহৃত পরিত্যক্ত ব্যাডমিন্টন কোর্ট পড়ে রয়েছে যেখানে আমরা সরকার এবং জনপ্রতিনিধিদের কাছে আবেদন করব কোর্টগুলো মেরামত করে সেখানে যাতে আমাদের প্রতিভা অন্বেষণের সুযোগ করে দেওয়া হয় । বেঙ্গল ব্যাডমিন্টন স্পোর্টস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি শুভম সানাতি বলেন, কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আমরা ওনার আশীর্বাদ ও মূল্যবান পরামর্শ প্রার্থনা করতে চলেছি ।
আরও খবর
আমরা কারো বিকল্প নই, আগামী দিনে একটি জাতীয়তাবাদী ক্রীড়া সংগঠন হিসেবে একক ভাবে কাজ করবে আমাদের সংগঠন । সংগঠনের টুর্নামেন্ট কোঅর্ডিনেটর সন্তু দাস বলেন, খুব তাড়াতাড়ি আমরা দীপাবলী উপলক্ষ্যে একটি অনিন্দ্যসুন্দর ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করতে চলেছি । আগামীদিনে প্রেসমিট ডেকে আমরা আমাদের কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করতে চলেছি । দীপাবলী উপলক্ষ্যে বেঙ্গল ব্যাডমিন্টন স্পোর্টস অ্যাসোসিয়েশন জাতি, ধর্ম, বর্ণ এবং রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ক্রীড়াঙ্গনে সৌভ্রাতৃত্ব স্থাপনের যে দৃষ্টান্ত স্থাপন করল সেটি নিঃসন্দেহে প্রশংসনীয় ।


