Bengal Liberty : আরজি কর ধর্ষণ এবং হত্যা মামলায় বড় মোড়। অভয়া হত্যাকাণ্ডের তদন্তে সোমনাথ দে’র দু’দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল শিয়ালদা আদালত। এদিন ২ দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন জানায় সিবিআই। সেই আবেদনেই সম্মতি দেয় আদালত। তবে কি আরজিকর মামলার তদন্তে আসতে চলেছে নতুন মোড়? এই প্রশ্নই উঠছে।
এই মামলাতে সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসিকে হেফাজতে নিয়েছিল সিবিআই। নির্যাতিতার পরিবারের আইনজীবী অর্মত্য দে বলেন, সোমনাথ দে হাই কোর্টে জামিনের আবেদন করেছেন। সেই তথ্য শিয়ালদা আদালতকে অন্ধকারে রেখেই শিয়ালদা আদালতে জামিনের আবেদন করেছেন। এর পরেই এই বিষয়টি আদালতকে জানান নির্যাতিতার পরিবাররে আইনজীবী।
পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে’কে সিবিআই হেফাজতে নিয়ে তদন্তের আবেদন জানান নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা, বাবা। এই প্রসঙ্গে পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ জানান, “ধীরগতিতে হলেও তদন্ত এগোচ্ছে।” বুধবার দুপুর ৩টের পর শিয়ালদা আদালতে শুরু হয় আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের শুনানি।
উল্লেখ্য, অভয়া কাণ্ড বা আরজি কর মামলার দ্রুত দেহ সৎকারের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন সোমনাথ দে। জানা যায়, তাঁর বিরুদ্ধে তোলাবাজি ও অস্ত্র উদ্ধারের অভিযোগও রয়েছে খড়দা থানায়। বর্তমানে জেল হেফাজাতে রয়েছেন সোমনাথ দে। এবার তাঁকে দু’দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল শিয়ালদা আদালত।


