Bengal Liberty: বহু প্রস্তুতির পরেও শুক্রবার অনুষ্ঠিত হল না ইন্ডি জোটের মক পার্লামেন্ট। প্রবল বৃষ্টির জেরে শেষ মুহূর্তে এই কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি জানান, আগামীকাল অর্থাৎ শনিবার এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, শুক্রবার বিকেল সাড়ে ৩টেয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ১০ রাজাজি মার্গের সরকারি বাংলোয় এই মক পার্লামেন্ট আয়োজনের কথা ছিল। বাংলোর লনেই বসার কথা ছিল প্রতীকী সংসদের অধিবেশন। সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ‘প্রতীকী ইমপিচমেন্ট’-এরও পরিকল্পনা ছিল।
তবে প্রবল বৃষ্টির কারণে বাংলোর লনে কর্মসূচি আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানান রাহুল গান্ধী। তাঁর বক্তব্য, ইন্ডি জোটের একাধিক প্রবীণ নেতা-নেত্রীর এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। বৃষ্টির মধ্যে তাঁদের পক্ষে সেখানে উপস্থিত হওয়া অসুবিধাজনক। সেই কারণেই কর্মসূচির দিন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও খবর
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ভূমিকা এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী জোটের অবস্থান তুলে ধরতেই এই মক পার্লামেন্টের আয়োজন করেছিল কংগ্রেস। বিজেপি-বিরোধী একাধিক দলের নেতাদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। সংসদের ভিতরে ও বাইরে নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের যে প্রতিবাদ চলছে, তারই প্রতীকী মহড়া হিসেবে এই কর্মসূচিকে দেখা হচ্ছিল। আপাতত বৃষ্টির কারণে এক দিন পিছিয়ে শনিবার এই মক পার্লামেন্টের আয়োজন করা হবে বলে জানিয়েছেন রাহুল গান্ধী।


