Suvendu Adhikari
Suvendu Adhikari

‘যাহাই তৃণমূল, তাহাই সিপিএম’! মমতা-বেবির ঘনিষ্ঠতা নিয়ে কটাক্ষ শুভেন্দুর, পুরভোটে দুই দলকে সাফ করার হুঁশিয়ারি

গড়বেতায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচিতে যোগ দিয়ে বাম ও তৃণমূলকে একযোগে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, দুই দলের মধ্যে কার্যত কোনও পার্থক্য নেই। রাজনৈতিক স্বার্থেই তারা এখন কাছাকাছি এসেছে। গড়বেতার মানুষকে অভিনন্দন জানিয়ে শুভেন্দু বলেন, “এখানকার মানুষ দ্বিতীয় স্বাধীনতার আনন্দ উপভোগ করছেন। নির্বাচনে তৃণমূলকে শূন্য করে দিয়েছে গড়বেতার মানুষ। দীর্ঘদিন ধরে তৃণমূলের অত্যাচার সহ্য করতে হয়েছে। এবার সেই সমস্ত ঘটনার জবাব দেওয়ার সময় এসেছে। আমাদের সব হিসাব নেওয়ার সময় এসেছে।” একই সঙ্গে বাম আমলের অপরাধের ফাইলও খোলা হবে বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু। তাঁর অভিযোগ, “তৃণমূল ও সিপিএম মিলেমিশে একাকার হয়ে নৈরাজ্যের দিন ফিরিয়ে আনতে চায়।” তবে সেই চেষ্টা সফল হবে না বলেও দাবি করেন তিনি।

কলকাতা ও হাওড়ার পুরভোট নিয়েও আত্মবিশ্বাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগামী পুরভোটে তৃণমূল এবং তাদের রাজনৈতিক বন্ধু বামেদের মানুষ ধুয়ে-মুছে সাফ করে দেবে। ফলতা, রেজিনগর ও নন্দীগ্রামে বিজেপির জয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, পুরভোটেও একই ফল হবে। মমতার তৃণমূল এবং তাদের বন্ধু লাল পার্টি কোনও জায়গা পাবে না।

এদিন ভোটের সময় চিকিৎসক প্রণত টুডুর উপর হামলার প্রসঙ্গও তোলেন শুভেন্দু। তাঁর অভিযোগ, ওই ঘটনায় প্রণত টুডুর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। ঘটনার এফআইআরের কপি তাঁকে পাঠানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই মামলায় কতজন গ্রেফতার হয়েছেন এবং কতজন এখনও অধরা, তা নিজে খতিয়ে দেখবেন বলে জানান তিনি। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশকে কড়া বার্তাও দেন শুভেন্দু। তাঁর কথায়, “যাঁরা গ্রেফতার হয়নি, তাঁদের চুলের মুঠি ধরে জেলে ঢোকাতে হবে।”

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।