Bengal Liberty : দিনহাটায় গৃহশিক্ষকের উপর বর্বরোচিত হামলা ও তাঁর আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারার ঘটনায় তীব্র ধিক্কার জানানোর পাশাপাশি বিরোধীতা করে সরব পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। এই বিষয়ে শনিবার কলকাতার বিধান ভবনে এক সাংবাদিক সম্মেলন করে ন্যাক্কারজনক ওই ঘটনার বিরুদ্ধে ন্যায়বিচারের একাধিক দাবি জানান তারা। সভাপতি শুভঙ্কর সরকার বলেন, দিনহাটার এই ঘৃণ্য ঘটনার সঙ্গে জড়িতদের, যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের অবিলম্বে দ্রুত বিচার প্রক্রিয়ার আওতায় আনতে হবে। সেই সঙ্গে প্রশাসনকে কঠোর শাস্তি প্রদানে যথাযথ ভূমিকা গ্রহণ করার দাবি জানানো হয়।
প্রসঙ্গত , বুধবার রাতে কোচবিহার জেলার দিনহাটায় সাহেবগঞ্জের কুচনি গ্রামের গৃহশিক্ষক দেবজিৎ বর্মনের বাড়িতে হামলা চালান কয়েক জন। অভিযোগ, বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি তাঁকে রাস্তায় ফেলে মারধরও করা হয়। আর স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন দেবজিতের অন্তঃসত্ত্বা স্ত্রী প্রিয়া পাল। পরে তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবার সূত্রে খবর, শুক্রবার ওই হাসপাতালেই মৃত পুত্রসন্তান প্রসব করেন প্রিয়া। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তারা ওই এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত বলে স্থানীয় সূত্রে জানা যায়। এর পরেই এই ঘটনার তীব্র নিন্দা জানায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটিও।
এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে রীতিমতো কটাক্ষ করেন শুভঙ্কর সরকার। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন ভয় আউট, ভরসা ইন। বাস্তবে আমরা দেখতে পাচ্ছি, বিরোধী কণ্ঠস্বর রোধ করা, বিরোধীদের উপর আক্রমণ, বিরোধীদের পেটে-ভাতে লাথি মারা, রুটি-রুজিতে লাথি মারা, পুলিশ দিয়ে হয়রানি করা – পশ্চিমবঙ্গ ক্রমশ এক মাৎস্যন্যায়ের দিকে এগিয়ে চলেছে। আর বিজেপির রাজ্য সভাপতি প্রতিবারই কোনো ঘটনা ঘটলেই বলে দিচ্ছেন এর সঙ্গে বিজেপি জড়িত নয়। মানুষকে বোকা বানানোর এই চেষ্টা আমরা ধিক্কার জানাই। ঘটনার দুঃখ প্রকাশ করার পাশাপাশি গর্জে ওঠেন তিনি।


