Bengal Liberty : রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের আমলে প্রথমবার আয়োজিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। আর সেই উৎসবকে ঘিরেই শুরু হয়ে গেল প্রস্তুতি। রবিবার, ১ নভেম্বর নন্দনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উন্মোচিত হল ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো। নতুন সরকারের আমলে এবারের উৎসবের আয়োজন, উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে অতিথি তালিকা—সব ক্ষেত্রেই যে কিছু নতুনত্ব থাকবে, তার ইঙ্গিত মিলেছে এ দিনের সাংবাদিক বৈঠক থেকেই।
এ বছর ১৬ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের ফোকাস কান্ট্রি আয়ারল্যান্ড। ৩২তম KIFF-এর লোগো ডিজাইন করেছেন পরিচালক সন্দীপ রায়। রবিবার নন্দনে লোগোটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী-সহ চলচ্চিত্র জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।
উল্লেখ্য, এবারের চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যদিকে, মুখ্য উপদেষ্টার দায়িত্ব সামলাচ্ছেন মিঠুন চক্রবর্তী। ফলে উৎসবের আয়োজন ও পরিকল্পনায় দুই অভিনেতার ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ।
আরও খবর
এ দিনের সাংবাদিক সম্মেলনে মিঠুন চক্রবর্তী জানান, এবারের উৎসবকে কীভাবে আরও আকর্ষণীয় ও ব্যতিক্রমী করে তোলা যায়, তা নিয়ে পরিকল্পনা চলছে। তাঁর কথায়, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজন করার ভাবনাচিন্তা চলছে। সেই অনুষ্ঠানে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, প্রভাস-সহ একাধিক তারকাকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। এমনকী, হলিউডের কয়েকজন তারকাকেও আমন্ত্রণ জানানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
প্রতি বছরই দেশ-বিদেশের বিভিন্ন ভাষার ছবি নিয়ে সিনেমাপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন করে KIFF। তবে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের অধীনে প্রথমবার এই উৎসব আয়োজিত হতে চলায় এবারের আয়োজন ঘিরে প্রত্যাশা ও কৌতূহল—দুটোই বেশি সিনেপ্রেমীদের মধ্যে। এখন নজর ১৬ ডিসেম্বরের দিকে। শেষ পর্যন্ত উদ্বোধনী মঞ্চে কোন কোন তারকার উপস্থিতি দেখা যায় এবং নতুন KIFF কতটা ভিন্ন স্বাদ নিয়ে হাজির হয়, সেটাই দেখার।


