Bengal Liberty : রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু তথ্য তুলে ধরলেন মন্ত্রী মালতি রাভা রায়। সোমবার তিনি বলেন যাঁদের বয়স সম্প্রতি ২৫ বছর উত্তীর্ণ হয়েছে, পোর্টাল খুললেই তাঁরা যেমন আবেদন করতে পারবেন, ঠিক তেমনই যাঁদের বয়স ৬০ বছর পূর্ণ হয়ে যাবে তাঁদের বার্ধক্য ভাতা সংক্রান্ত স্বাভাবিক প্রক্রিয়ায় স্থানান্তরিত করা হবে। তাই অন্নপূর্ণা যোজনার উপযোগী ও যোগ্য যে সমস্ত মহিলারা এখনও আবেদন করতে পারেননি, আপনারা কিছু দিন অপেক্ষা করুন।
এই প্রকল্পের আওতায় যারা প্রকৃত যোগ্য, তারা প্রত্যেকেই এর সুবিধা পাবেন। প্রকল্পের বর্তমান অবস্থা ও প্রাপকদের সংখ্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আপনারাই তো দেখতে পাচ্ছেন যে এখন অন্নপূর্ণা যোজনা নিয়ে আর চারদিকে কোনও চিৎকার-চেঁচামেচি বা অসন্তোষ নেই। তার মানে যোগ্য প্রার্থীদের প্রায় প্রত্যেকেই টাকা পেয়ে গিয়েছেন। খুব সামান্য কিছু সংখ্যক মানুষ হয়তো পাননি, যাঁদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট বা নথিপত্রে সমস্যা রয়েছে।
সেই সমস্যাগুলি দ্রুত মেটানোর জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসগুলিতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ত্রুটি সংশোধন হলেই যোগ্য মহিলারা প্রত্যেকেই এই সুবিধা পাবেন। পূর্ববর্তী তৃণমূল সরকারের সময়কালে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে দুর্নীতির কথা তুলে ধরে স্বচ্ছতার বিষয়ে মন্তব্য করতে গিয়ে মন্ত্রী মালতি রাভা রায় দাবি করেন, ‘‘আগের আমলে প্রায় ১০ লক্ষ পুরুষ মানুষকে বেআইনিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের সরকার শুরু থেকেই অত্যন্ত স্বচ্ছ ও সুষ্ঠুভাবে স্ক্রুটিনি করছে। প্রতিটি নথি খতিয়ে দেখে তবেই প্রকৃত যোগ্য মহিলাদের হাতে আমরা এই সুবিধা পৌঁছে দিচ্ছি এবং ভবিষ্যতেও দেওয়া হবে।


