bengali-made-mandatory-on-government-scheme-boards-nabanna-sets-deadline
bengali-made-mandatory-on-government-scheme-boards-nabanna-sets-deadline

সরকারি প্রকল্পের বোর্ডে বাংলা বাধ্যতামূলক, ডেডলাইন বেঁধে দিল নবান্ন

সরকারি প্রকল্পের প্রচার ও তথ্যফলকে এবার বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করল রাজ্য সরকার। সরকারি প্রকল্পের বোর্ড, হোর্ডিং, সাইনবোর্ড থেকে তথ্যফলক—সর্বত্রই এবার বাংলায় লিখতে হবে প্রকল্পের খুঁটিনাটি। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এই নির্দেশ কার্যকর করার সময়সীমা বেঁধে দিয়েছে নবান্ন। ইতিমধ্যেই এই মর্মে নির্দেশিকা জারি করেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। নির্দেশ কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত সরকারি দফতর, পুরসভা, পঞ্চায়েত এবং জেলাশাসকদের।

নতুন নির্দেশ অনুযায়ী, সরকারি প্রকল্পের প্রতিটি তথ্যফলকে প্রকল্পের নাম, কাজের বিবরণ, আনুমানিক ব্যয়, অর্থের উৎস, কাজ শুরুর তারিখ এবং কাজ শেষ হওয়ার নির্ধারিত সময় বাংলায় উল্লেখ করতে হবে। পাশাপাশি, কোন সংস্থা কাজটি বাস্তবায়ন করছে এবং সংশ্লিষ্ট যোগাযোগের নম্বরও বোর্ডে রাখতে হবে। কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ইংরেজি বা হিন্দি ব্যবহার করা গেলেও বাংলা ভাষাকে দিতে হবে অগ্রাধিকার। তবে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় নেপালি ভাষায় তথ্য দেওয়ার ক্ষেত্রেও বিশেষ ছাড় রাখা হয়েছে।

শুধু ভাষার ব্যবহার নয়, সরকারি প্রকল্পের কাজে স্বচ্ছতা বাড়াতেও বিশেষ উদ্যোগ নিচ্ছে নবান্ন। প্রতিটি তথ্যফলকে QR কোড এবং জিও-ট্যাগিংয়ের ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ QR কোড স্ক্যান করে প্রকল্পের অনুমোদিত খরচ, অর্থের উৎস এবং কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

উল্লেখ্য, গত জুলাই মাসে বিধানসভায় দাঁড়িয়ে সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘোষণার পর সেপ্টেম্বর থেকে সরকারি প্রশাসন ও জনপরিষেবায় বাংলা ব্যবহারের নির্দেশ কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়। এবার সরকারি প্রকল্পের তথ্যফলকেও বাংলা বাধ্যতামূলক করে সেই উদ্যোগে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার।

Soham Mullick
সোহম মল্লিক

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা। ডিজিটাল মাধ্যমেই সাংবাদিকতার জগতে হাতেখড়ি। বর্তমানে Bengal Liberty-র কার্যনির্বাহী সম্পাদক হিসাবে গুরুদায়িত্ব সামলাচ্ছে। খেলাধুলা নিয়ে বিশেষ আগ্রহ। পাশাপাশি, সব ধরনের খবরের খোঁজে কাটে রাত-দিন। অভিজ্ঞদের থেকে প্রতিনিয়ত শেখার আগ্রহ রয়েছে। কাজের বাইরে নেশা বলতে, সঙ্গীত চর্চা এবং ড্রামস বাজানো।