Suvendu Adhikari
পুলিশকে আক্রমণ করলে আত্মরক্ষায় পাল্টা আক্রমণ! ধর্মীয় অনুষ্ঠানে পাথর ছুড়লে কঠোর ব্যবস্থা, দিঘায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

পুলিশকে আক্রমণ করলে আত্মরক্ষায় পাল্টা আক্রমণ! ধর্মীয় অনুষ্ঠানে পাথর ছুড়লে কঠোর ব্যবস্থা, দিঘায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Bengal Liberty : দিঘায় কালীপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ব্যবসায়ী সমিতি আয়োজিত শ্রীশ্রী কালীপুজোয় মাতৃপ্রতিমা দর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি পদক্ষেপ, ধর্মীয় অনুষ্ঠান এবং পূর্ববর্তী সরকারকে নিশানা করে একাধিক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

পুলিশের ভূমিকা নিয়ে শুভেন্দু বলেন, পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে কেউ যদি পুলিশকে আক্রমণ করে, তাহলে আত্মরক্ষার স্বার্থে পুলিশও পাল্টা আক্রমণ করবে। তাঁর কথায়, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

ধর্ষণ ও খুন, মাদক পাচার, নেশার সামগ্রী পাচার এবং বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশের মতো ঘটনায় রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও স্পষ্ট করেন তিনি। কোনও ধর্মীয় অনুষ্ঠানে কেউ পাথর ছুড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, তাঁর শাসনকালে কোনও পুজো, বিসর্জন, বসন্ত উৎসব কিংবা শোভাযাত্রায় এ ধরনের ঘটনা ঘটানোর সাহস কেউ পায়নি।

দুর্গা বিসর্জনের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, খাগড়াবাড়িতে দীর্ঘ ৩০ বছর পর দুর্গাপ্রতিমার নিরঞ্জন উপলক্ষে শোভাযাত্রা হয়েছে। তাঁর অভিযোগ, ৩৪ বছরের নাস্তিক কমিউনিস্ট শাসন এবং ১৫ বছরের তৃণমূল সরকারের আমলে বাংলার সংস্কৃতি, শাস্ত্র, ঐতিহ্য ও পরম্পরা ধ্বংস হয়েছে। সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার। এ প্রসঙ্গে রাষ্ট্রবাদীদের সংঘবদ্ধ থাকার বার্তাও দেন তিনি। কোনওভাবেই বিভাজিত না হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঐতিহ্যবাহী কালীপুজো নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু। তাঁর দাবি, সেই পুজো কার্যত ফাঁকা হয়ে গিয়েছে। পাশাপাশি পুজোর আচার-আচরণে ফুল ছোড়ার পদ্ধতি নিয়েও কটাক্ষ করেন তিনি। ভালো কোনও পণ্ডিতের কাছ থেকে সেই পদ্ধতি শিখে নেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে দিঘার কালীপুজোর মঞ্চ থেকে প্রশাসনিক বার্তার পাশাপাশি রাজনৈতিক আক্রমণেও সরব হলেন শুভেন্দু অধিকারী।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।