Durgapur
হোটেলের আড়ালে জুয়ার আসর

হোটেলের আড়ালে জুয়ার আসর! গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর চন্দন সাহা

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে জুয়ার আসরের খবর পেয়ে সংশ্লিষ্ট হোটেলে অভিযান চালানো হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই পুলিশের নজর এড়িয়ে সেখানে জুয়ার আসর বসানো হচ্ছিল। রাতের অন্ধকারে চলত টাকার খেলা। এই কারবারের নেপথ্যে এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা তথা দুর্গাপুর পুরনিগমের প্রাক্তন কাউন্সিলর চন্দন সাহার নাম উঠে এসেছে। অভিযোগ, তৃণমূলের আমল থেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে একাধিক হোটেলে জুয়ার ঠেক চালাতেন তিনি। শুধু জুয়া নয়, আরও একাধিক বেআইনি কাজকর্মের সঙ্গে তাঁর যোগ রয়েছে বলেও অভিযোগ তুলেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। পাশাপাশি, চন্দনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও উঠেছে।

বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের দাবি, চন্দন সাহার একাধিক সঙ্গী রয়েছে। তাঁদের নিয়েই দীর্ঘদিন ধরে এই ধরনের কারবার চালানো হচ্ছিল। জুয়ার আসর থেকে প্রাক্তন কাউন্সিলর-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা। অবৈধ কারবারের মাধ্যমে চন্দন বিপুল সম্পত্তির মালিক হয়েছেন বলেও দাবি তাঁর। এই সম্পত্তির উৎস এবং তাঁর আর্থিক লেনদেন খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিধায়ক।

পুলিশের এক আধিকারিক জানান, গোপন সূত্রে খবর পেয়ে হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকে জুয়ার আসরে যুক্ত পাঁচজনকে হাতেনাতে ধরা হয়েছে বলে জানান তিনি। ধৃতদের মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তবে ধৃত চন্দন সাহার বক্তব্য, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এর পিছনে বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের হাত রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।