Bengal Liberty : জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় ক্রিকেট দল ও কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার রিঙ্কু সিং। আগামী ৪ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিঙ্কু সিং ও সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ। জুন মাসেই বাগদানের পর্ব সম্পন্ন হওয়ার পর আগামী মাসেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন রিঙ্কু ও প্রিয়া। লখনউয়ের রামাদা প্লাজা কনভেনশন হোটেলেই কাছের বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে খুশির কয়েকটি মুহূর্ত ভাগ করে নেবেন এই নবদম্পতি।
সম্ভাব্য অতিথিদের তালিকায় তাবড় রাজনীতিবিদ ও ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত থাকতে পারেন কিং খান শাহরুখ খানও। বহুবার রিঙ্কুর বিয়েতে নাচ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। সেই চমকপ্রদ দৃশ্য দেখা যায় কি না, সেই দিকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে। উত্তরপ্রদেশ রঞ্জি দলের খেলোয়াড়দের পাশাপাশি রোহিত শর্মা ও ভারতীয় দলের অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকতে পারেন বলেও শোনা যাচ্ছে।
অতিথি আপ্যায়নের পাশাপাশি খাবারের তালিকাতেও রয়েছে বিশেষ চমক। লখনউ বিরিয়ানি থেকে শুরু করে গালৌটি কাবাব, মালাই টিক্কা, রুমালি রুটি, বাটার রুটির মতো জিভে জল আনা খাবারের আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে রাজকীয় আয়োজনের মধ্য দিয়েই জীবনের গুরুত্বপূর্ণ নতুন ইনিংস শুরু করতে চলেছেন রিঙ্কু ও প্রিয়া।
আরও খবর
বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর কি নতুন উদ্যমে কেকেআর ও ভারতীয় দলে দেখা যাবে রিঙ্কুকে? ভারতীয় দল থেকে প্রায় ব্রাত্য রিঙ্কু সৌভাগ্যের চাবিকাঠি হিসেবে কি ঘুরে দাঁড়াতে পারবেন নিজের ক্রিকেটজীবনে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে।


