New Alipore
New Alipore

নিউ আলিপুরে যুবতীর শ্লীলতাহানি, প্রতিবাদে থানায় চড়াও জনতা!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে প্রায় ১২টা নাগাদ নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন দুর্গাপুর কলোনির এক যুবতী। অভিযোগ, সেই সময় স্থানীয় তিন যুবক তাঁর পিছু নেয়। যুবতী প্রতিবাদ করলে রাস্তাতেই তাঁর শ্লীলতাহানি করা হয়। আতঙ্কে চিৎকার করেও সাহায্য পাননি তিনি।এরপরই দাদাকে ফোন করে ঘটনার কথা জানান যুবতী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোনকে উদ্ধার করেন তিনি। সেই সময় তিন অভিযুক্ত পালানোর চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় একজনকে ধরে ফেলেন যুবতীর দাদা। বাকি দু’জন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। ধৃত জয়কুমার কামাথকে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন দুর্গাপুর কলোনির বাসিন্দাদের একাংশ। কালীপুজোর পরের রাত হওয়ায় অনেকেই তখন জেগে ছিলেন। যুবতী তাঁর মা-বাবাকে সঙ্গে নিয়ে অভিযোগ জানাতে নিউ আলিপুর থানায় পৌঁছন। তাঁদের পিছনে পিছনে বহু স্থানীয় বাসিন্দাও থানায় হাজির হন।অভিযোগ, পুলিশ যুবতীর পরিবারকে থানার ভিতরে যেতে বললেও বাকিদের বাইরে অপেক্ষা করতে অনুরোধ করে। কিন্তু সেই নির্দেশ মানতে চাননি উত্তেজিত বাসিন্দারা। জোর করে থানার গেট ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা। পুলিশকর্মীরা বাধা দিলে শুরু হয় ধাক্কাধাক্কি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, কর্তব্যরত পুলিশকর্মীদের কিল-ঘুষি মারা হয়। কয়েকজনের উর্দিও ছিঁড়ে দেওয়া হয়।

এরপর সরকারি কাজে বাধা, পুলিশকর্মীদের উপর হামলা এবং থানা চত্বরে ভাঙচুরের অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। ঘটনার রাতেই গোলমালে নেতৃত্ব দেওয়ার অভিযোগে এক আইনজীবী-সহ চারজনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা পাঁচ। যুবতীর শ্লীলতাহানির অভিযোগে মূল অভিযুক্ত জয়কুমার কামাথও পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ আলিপুর থানার পুলিশ।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।