Garia
সার্থকের প্রেমিকা সঞ্চালিকা বসু এবং তাঁর মা মৌমিতা বসু

ফরতাবাদের ফ্ল্যাটে ঠিক কী ঘটেছিল? সার্থক খুনের ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

পুলিশ সূত্রে খবর, ফরতাবাদের ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন সার্থক সরকার এবং তাঁর প্রেমিকা সঞ্চালিকা বসু। গত শনিবার সেখান থেকেই উদ্ধার হয় সার্থকের রক্তাক্ত দেহ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তাঁর কাঁধে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছিল। এই ঘটনায় ইতিমধ্যেই সঞ্চালিকা এবং তাঁর মা মৌমিতা বসুকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ঘটনার রাতে দু’জনের মধ্যে বচসা হয়েছিল। সেই অশান্তি ক্রমে বাড়তে থাকে। চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ওই ফ্ল্যাটে ছুটে আসেন। সেখানে গিয়ে তাঁরা সার্থককে রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন। তবে ঠিক কী কারণে দু’জনের মধ্যে অশান্তি হয়েছিল, কীভাবে সেই পরিস্থিতি প্রাণঘাতী হয়ে উঠল, তা এখনও স্পষ্ট নয়। সেই উত্তর খুঁজতেই তদন্তকারীরা ঘটনার পুনর্নির্মাণের পাশাপাশি বিভিন্ন তথ্য ও প্রমাণ খতিয়ে দেখছেন।

সার্থক পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে। সল্টলেকের সেক্টর ফাইভের একটি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। অন্যদিকে, অভিযুক্ত সঞ্চালিকা বসু টেকনো ইন্ডিয়ার ছাত্রী। তাঁর বাড়িও ফরতাবাদে। সূত্রের খবর, প্রায় একই জায়গায় দু’জনের যাতায়াত ছিল। সেখান থেকেই প্রথম পরিচয়। ধীরে ধীরে সেই পরিচয় প্রেমের সম্পর্কে পরিণত হয়। দু’জনের পরিবারের সদস্যরাও তাঁদের সম্পর্কের কথা জানতেন। পরে ফরতাবাদে একটি ফ্ল্যাট ভাড়া নেন সার্থক। সেখানেই সঞ্চালিকার সঙ্গে একত্রবাস শুরু করেন তিনি।

জানা গিয়েছে, সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন ওই ফ্ল্যাটে থাকতেন সার্থক। সেই সুবাদে এলাকার বাসিন্দাদের কাছেও পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। তাঁদের সম্পর্কের কথাও জানতেন পাড়ার অনেকেই। কিন্তু পরিচিত সেই সম্পর্কের পরিণতি এমন মর্মান্তিক হবে, তা আঁচ করতে পারেননি প্রতিবেশীরা। আপাতত পুলিশের তদন্তে উঠে আসা তথ্য, ফরেনসিক রিপোর্ট এবং ধৃতদের বয়ানের উপর নির্ভর করছে রহস্যের জট খোলার প্রক্রিয়া।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।