Bengal Liberty : ব্রিটিশ আমলে মাটির নিচে বসানো জলের পাইপ ফেটে বিপর্যস্ত উত্তর কলকাতার টালা এলাকা। সোমবার সকালে ৭২ ইঞ্চির বিশাল পাইপ ফেটে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। এর জেরে ব্যাহত হয়েছে টালা ট্যাঙ্ক থেকে কলকাতা ও বৃহত্তর কলকাতার জল সরবরাহ। একইসঙ্গে মেরামতির কাজের জন্য বিদ্যুৎ পরিষেবাতেও দেখা দিয়েছে আংশিক বিঘ্ন। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে বলে পুরসভা সূত্রে খবর। ফলে মঙ্গলবারও জল ও বিদ্যুৎ পরিষেবা নিয়ে অনিশ্চয়তায় বাসিন্দারা। এর পাশাপাশি কলকাতা স্টেশন জলমগ্ন থাকায় চক্ররেলের পরিষেবাতেও একাধিক পরিবর্তন করা হয়েছে। নাজেহাল সাধারণ মানুষ। এখন একটাই প্রশ্ন, কবে স্বাভাবিক হবে টালার পরিস্থিতি?
মেরামতিতে পুরসভা ও রেল
উল্লেখ্য, সোমবার সকালে আচমকাই টালায় ৭২ ইঞ্চির একটি পুরনো জলের পাইপ ফেটে বিপত্তির সূত্রপাত। মুহূর্তের মধ্যে পাইপ থেকে বেরিয়ে আসা জলে ডুবে যায় বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে রাস্তায় চলাফেরা করাও কঠিন হয়ে পড়ে। প্রসঙ্গত, টালা ট্যাঙ্ক থেকেই কলকাতা এবং বৃহত্তর কলকাতার বিস্তীর্ণ অংশে জল সরবরাহ করা হয়। ফলে এই পাইপ ফাটার ঘটনায় শহরের জল পরিষেবায় বড়সড় প্রভাব পড়েছে।
ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুর কমিশনার স্মিতা পাণ্ডে। তাঁর উপস্থিতিতে শুরু হয় মেরামতির কাজ। তবে পাইপলাইনের অবস্থান এবং নিকাশি ব্যবস্থার জটিলতার কারণে কাজ দ্রুত এগোনো সম্ভব হয়নি। সংশ্লিষ্ট এলাকার একটি বড় অংশ রেলের অধীন হওয়ায় জল নিষ্কাশনের জন্য রেলের সহযোগিতাও প্রয়োজন হয়ে পড়ে। এরপর পুরসভা ও রেল কর্তৃপক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে মেরামতির কাজ শুরু হয়। কিন্তু মঙ্গলবার সকালেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। পুরসভার তরফে জানানো হয়েছে, জল ও বিদ্যুৎ পরিষেবা-সহ সামগ্রিক পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে।
আরও খবর
বাতিল পাঁচটি লোকাল
টালার জলযন্ত্রণার প্রভাব পড়েছে রেল পরিষেবাতেও। কলকাতা স্টেশন এখনও জলমগ্ন থাকায় চক্ররেলের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হচ্ছে। রেললাইন থেকে জল সরানোর কাজ করবেন শিয়ালদহ ডিভিশনের আধিকারিকরা। পরিস্থিতির কথা মাথায় রেখে মঙ্গলবার টালা রুটে পাঁচটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি একাধিক ট্রেনের সময়সূচি ও যাত্রাপথেও পরিবর্তন আনা হয়েছে। গেদে-মাঝেরহাট, হাবড়া-মাঝেরহাট এবং মাঝেরহাট-রানাঘাট লোকাল-সহ একাধিক ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করে বিকল্প পথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তও করা হয়েছে। ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।


