শীত ভালো ভাবে জাঁকিয়ে বসার আগেই ফের বদলাতে চলেছে আবহাওয়ার মেজাজ। তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রির ঘরে। তবে শীতের এই আবহের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে শীতের পোশাকের পাশাপাশি সঙ্গে ছাতাও রাখার পরামর্শ থাকছে।
কলকাতার আবহাওয়া
কালীপুজো নির্বিঘ্নে কাটলেও সপ্তাহের প্রথমে ফের ছন্দ পতন। সোমবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শহরের তাপমাত্রা ইতিমধ্যেই ১৮ ডিগ্রির ঘরে নেমেছে। তবে বৃষ্টির জেরে শীতের আমেজে কিছুটা ছন্দপতন হতে পারে।
আরও খবর
দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের আরও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওড়া, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার এই জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। উত্তর-পূর্ব বিহারের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩.১ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে একটি ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত। যার প্রভাবেও আবহাওয়ার এই পরিবর্তন বলে মনে করছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আবহাওয়া
বৃষ্টির হাত থেকে রেহাই নেই উত্তরবঙ্গেরও। সমতলের বেশ কয়েকটি জেলা যেমন মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকার জেলা গুলিতেও কম বেশি বৃষ্টির পূর্বাভাস। কাজেই শীতের আমেজ নিয়ে পাহাড়ে ঘুরতে গেলেও হাতে রাখতে হবে ছাতা।


