হেমন্তের আমেজ পেরিয়ে বাংলায় ধীরে ধীরে প্রবেশ করছে শীত। সকাল ও রাতের তাপমাত্রায় মিলছে তার আগাম ইঙ্গিত। ক্রমশ নামছে পারদ। তবে শীতের এই আবহেই নতুন করে বৃষ্টির ভ্রুকুটি! দুর্বল হয়ে এলেও ঘূর্ণাবর্তের প্রভাব এবং নতুন করে বৃষ্টির সম্ভাবনা ঘিরে তৈরি হয়েছে আবহাওয়ার বদলের ইঙ্গিত। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আপাতত আবহাওয়া শুষ্ক থাকলেও সপ্তাহের শুরুতেই বদলাতে পারে পরিস্থিতি।
আরও খবর
শনিবার শহর কলকাতার আকাশ মোটের উপর পরিষ্কার থাকার সম্ভাবনা। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে ভোর ও রাতের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হবে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। আগামী ৯ নভেম্বর পর্যন্ত কলকাতায় শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। এরপর ১০ থেকে ১১ নভেম্বরের মধ্যে হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শনিবার আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে সোমবার থেকে বদলাতে পারে পরিস্থিতি। ১০ নভেম্বর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরদিন অর্থাৎ মঙ্গলবার উপকূলবর্তী উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির কোনও সতর্কতা জারি হয়নি। দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ এবং দুই দিনাজপুরে শনিবার থেকে রবিবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। তবে আগামী কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। যদিও সোমবার মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


