Bengal Liberty : দারিদ্রের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। তা সত্ত্বেও কেন এখনও প্রায় ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দিচ্ছে কেন্দ্রীয় সরকার? এই প্রশ্ন ঘিরে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এবার তার ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য শামিকা রবি। তাঁর বক্তব্য, বিনামূল্যে রেশন দেওয়ার উদ্দেশ্য শুধু দারিদ্র দূর করা নয়, বরং দেশের সাধারণ মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং পরিবারের পুষ্টির মান উন্নত করাও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।‘বিজনেস টুডে’র সম্পাদক সিদ্ধার্থ জারাবিকে দেওয়া এক সাক্ষাৎকারে শামিকা রবি বলেন, ‘উন্নত দেশ হোক বা উন্নয়নশীল, অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি সাধারণ মানুষের জন্য সামাজিক সুরক্ষার ব্যবস্থা রাখা হয়।
ভারতও সেই পথ অনুসরণ করছে।’ তাঁর মতে, দেশের বিপুল সংখ্যক মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বিনামূল্যে রেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলেও সামাজিক সুরক্ষার প্রয়োজনীয়তা শেষ হয়ে যায় না। বিনামূল্যে রেশন প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন শামিকা। তাঁর দাবি, সরকারি হিসাব অনুযায়ী প্রায় ৮০ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। কিন্তু বাস্তবে নিয়মিত খাদ্যশস্য সংগ্রহ করছেন প্রায় ৫৫ থেকে ৫৬ কোটি মানুষ। অর্থাৎ যোগ্য সুবিধাভোগীর সংখ্যা এবং বাস্তবে রেশন সংগ্রহকারীর সংখ্যার মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে।
শামিকার ব্যাখ্যা, বিনামূল্যে চাল ও গম পাওয়ার ফলে সাধারণ পরিবারের খাদ্যখাতে খরচ কিছুটা কমছে। ফলে সেই সাশ্রয় হওয়া অর্থ দিয়ে পরিবারগুলি ফল, দুধ, ডিম, মাছ ও মাংসের মতো পুষ্টিকর খাবার কিনতে পারছে। এর ফলে শুধু খাদ্যনিরাপত্তাই নয়, মানুষের সামগ্রিক পুষ্টির মান উন্নত করার সুযোগও তৈরি হচ্ছে। তাঁর মতে, পুষ্টির প্রশ্নে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।দারিদ্রের হার আরও কমে গেলে ভবিষ্যতে বিনামূল্যে রেশন প্রকল্প বন্ধ হয়ে যাবে কি না, সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিনি। শামিকার মতে, সময়ের সঙ্গে প্রকল্পের নিয়ম ও কাঠামোয় পরিবর্তন আসতে পারে।
আরও খবর
তবে দেশের বিপুল খাদ্যশস্য উৎপাদন এবং সরকারি গুদামে তা মজুত রাখার খরচের বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন। তাঁর বক্তব্য, দীর্ঘদিন খাদ্যশস্য গুদামে মজুত রাখলে সংরক্ষণের জন্য বিপুল অর্থ ব্যয় হয়। অতীতে বৃষ্টির জল কিংবা ইঁদুরের কারণে সরকারি গুদামে খাদ্যশস্য নষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে। তাই উদ্বৃত্ত খাদ্যশস্য মানুষের মধ্যে বিলি করে দেওয়া অনেক বেশি যুক্তিযুক্ত। গুদামে ফেলে রেখে খাদ্যশস্য নষ্ট হলে তা দেশের সম্পদের অপচয় বলেই মনে করেন তিনি।
দেশের মানুষের খাদ্যাভ্যাসেও গত এক দশকের বেশি সময়ে পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন শামিকা। তাঁর দাবি, গত ১২ বছরে সমাজের সব ধরনের আয়ের মানুষের মাথাপিছু খাদ্যশস্য খাওয়ার পরিমাণ কমেছে। ধনী থেকে দরিদ্র, প্রত্যেক শ্রেণির মানুষই আগের তুলনায় মাসে মাথাপিছু প্রায় দু’কেজি কম চাল ও গম খাচ্ছেন। তাঁর ব্যাখ্যা, আগে অধিকাংশ পরিবার ভাত ও রুটির মতো প্রধান খাদ্যশস্যের উপর বেশি নির্ভরশীল ছিল। বর্তমানে খাদ্যাভ্যাসে বৈচিত্র্য এসেছে। শাকসবজি এবং প্রোটিনসমৃদ্ধ খাবারের ব্যবহার বেড়েছে। অন্যদিকে, দেশে ধান ও গমের উৎপাদন ক্রমশ বাড়ছে। ফলে উৎপাদিত খাদ্যশস্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করাও সরকারের কাছে গুরুত্বপূর্ণ বিষয়।
সাক্ষাৎকারে দেশের দারিদ্রের হার কমার পরিসংখ্যানও তুলে ধরেছেন শামিকা রবি। তাঁর দাবি, ২০১১-১২ সালে রঙ্গরাজন কমিটির দারিদ্রসীমা অনুযায়ী দেশে দারিদ্রের হার ছিল প্রায় ৩০ শতাংশ। সাম্প্রতিক পারিবারিক ভোগব্যয় সমীক্ষা বা এইচসিইএসের তথ্য অনুযায়ী, সেই হার কমে দাঁড়িয়েছে ৩.৯ শতাংশে।অর্থাৎ দারিদ্রের হার উল্লেখযোগ্যভাবে কমলেও খাদ্যনিরাপত্তা ও সামাজিক সুরক্ষার প্রয়োজনীয়তা এখনও রয়েছে বলেই মনে করছে কেন্দ্রের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ। শামিকার বক্তব্যে স্পষ্ট, শুধু দারিদ্রের পরিসংখ্যান নয়, দেশের খাদ্য উৎপাদন, মানুষের খাদ্যাভ্যাস, পুষ্টি এবং সামাজিক সুরক্ষার বিষয়গুলিও বিনামূল্যে রেশন প্রকল্পের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।


