Bengal Liberty : সামনেই ছটপুজো। যার ফলে পশ্চিমবঙ্গে ভিনরাজ্য থেকে কাজ করতে আসা মানুষজন এখন ঘরমুখী। ছটে মাইয়ার আরাধনায় উৎসবের মরশুম পরিবারের সঙ্গে কাটাতে চান অনেকেই। সেই কারণেই বাড়ি ফেরার তৎপরতা বেড়েছে তাঁদের মধ্যে। যাত্রীদের এই বাড়তি চাপের কথা মাথায় রেখে একাধিক বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পাশাপাশি শিয়ালদহ, হাওড়া, মালদহ ও আসানসোল, পূর্ব রেলের চারটি ডিভিশনেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্টেশন চত্বরের পরিস্থিতি নজরে রাখতে খোলা হয়েছে ফেস্টিভ্যাল মনিটরিং ওয়ার রুম। সেখান থেকেই যাত্রীদের যাতায়াত, ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। ছটের আগে শিয়ালদহ ডিভিশনের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিকেলে স্টেশনে উপস্থিত হন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডে।
পূর্ব রেল সূত্রে খবর, ৩০ নভেম্বর পর্যন্ত উৎসবের ভিড় সামাল দিতে মোট ৯৯৫টি বিশেষ ট্রেন চালানো হবে। এর মধ্যে ৬৭০টি সংরক্ষিত এবং ৩২৫টি অসংরক্ষিত ট্রেন। গত বছর ছটপুজোর সময় ৭৫০টি বিশেষ ট্রেন চালানো হয়েছিল। এবার সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। পূর্ব রেলের সদর দফতরের পাশাপাশি চারটি ডিভিশনেও ২৪ ঘণ্টার নজরদারির ব্যবস্থা থাকছে। যাত্রীদের নিরাপত্তায় স্টেশনগুলিতে আরপিএফ কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে। ওয়েটিং রুম ও যাত্রীদের জমায়েতের জায়গাগুলিতে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
শিয়ালদহ স্টেশনে জরুরি অ্যাম্বুল্যান্স পরিষেবার পাশাপাশি সাতটি মেডিক্যাল বুথ রাখা হয়েছে। হাওড়া স্টেশনে ২৪ ঘণ্টা চালু থাকবে দুটি জরুরি মেডিক্যাল রুম এবং একটি মেডিক্যাল বুথ। বিভিন্ন ডিভিশনে তৈরি রাখা হয়েছে জরুরি পরিস্থিতি মোকাবিলার দলও।
আরও খবর
এদিন শিয়ালদহ স্টেশন পরিদর্শনে গীতিকা পান্ডে পরিষেবা খতিয়ে দেখার পাশাপাশি যাত্রীদের সঙ্গেও কথা বলেন রেলকর্তারা। তাঁদের যাত্রার অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনেন। উৎসব উপলক্ষে শিয়ালদহ-জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেসের দুটি কোচও বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে।


