Tala
স্বাভাবিক কলকাতার জল সরবরাহ

টালায় পাইপ ফাটার জেরে জলসঙ্কট, শুক্রবার থেকে স্বাভাবিক কলকাতার জল সরবরাহ

গত সোমবার টালা রেল সেতুর নীচে একটি জলের পাইপ ফেটে যায়। এর জেরে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা-সহ মধ্য ও দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি অঞ্চলে জল সরবরাহ ব্যাহত হয়। তীব্র জলসঙ্কটে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে বুধবার থেকেই ক্ষতিগ্রস্ত পাইপলাইনের পাশে অন্য একটি পাইপ বসিয়ে বিকল্প পথে জল সরবরাহের কাজ শুরু করে কলকাতা পুরসভা। বৃহস্পতিবার সকালেই সেই কাজ শেষ হয়। তারপর থেকেই বিকল্প পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে। শুক্রবারও একই ব্যবস্থা চালু রয়েছে। পুরসভা সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত পাইপ মেরামতির কাজ শুক্রবারের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তা এখনও সম্পূর্ণ হয়নি।

বৃহস্পতিবারও শহরের বিভিন্ন এলাকায় জলের চাপ কিছুটা কম ছিল। তবে শুক্রবার পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। পুরসভার দাবি, শহরের বেশিরভাগ এলাকায় জল সরবরাহ এখন স্বাভাবিক। বিশেষ করে উত্তর কলকাতার বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার সকাল থেকেই প্রায় সব এলাকায় স্বাভাবিক চাপে জল পাওয়া যাচ্ছে। স্থানীয় সূত্রে খবর, কিছু এলাকায় বুধবার দুপুর থেকেই অল্প অল্প করে জল আসতে শুরু করেছিল। বৃহস্পতিবার জলের চাপ আরও বাড়ে। শুক্রবার তা প্রায় স্বাভাবিক হয়েছে। আপাতত বিকল্প পাইপলাইনের মাধ্যমেই শহরে জল সরবরাহ চালিয়ে যাবে কলকাতা পুরসভা, এমনটাই খবর।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।